প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন করা হয়েছে।
প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মাধ্যমে এই উৎসবের আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূজা উপলক্ষে সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মন্দির প্রাঙ্গণকে সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাটির প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণকে আলোকিত করেন। পাশাপাশি আতশবাজি উৎসব ও ফানুস উড্ডয়নের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন, ৭টায় আতশবাজি উৎসব, রাত ৯টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু, ১১টায় অঞ্জলি এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
এই বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন বলেন, ‘শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলির আলোয় সবার জীবন আলোকিত হয়ে উঠুক। মানুষের জীবনের সব অন্ধকার, হতাশা, দুঃখ-কষ্ট ও দুর্দশা দূর হয়ে নতুন আশার সঞ্চার হোক। সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসুক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। শ্রীশ্রী মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনেন। সত্য, সুন্দর ও শুভশক্তির জয় হোক।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন