প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ দুই দশক ধরে টেনিস কোর্টে রাজত্ব করে আসছেন রাফায়েল নাদাল। এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে স্পেনের এই কিংবদন্তিকে। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক টেনিস তারকা রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন। ক্লাবটির বর্তমান পরিচালনা পর্ষদ নাদালকে পর্ষদের সদস্য করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে নিয়োগ চূড়ান্ত করতে আগামী ২১ নভেম্বর ক্লাবের সদস্যদের সাধারণ সভায় অনুমোদন প্রয়োজন।
বুধবার (৪ নভেম্বর) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রস্তাবের ভিত্তিতে নাদালকে পরিচালনা পর্ষদে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবটির মতে, খেলাধুলায় নাদালের অসাধারণ সাফল্য, ব্যক্তিত্ব ও মূল্যবোধ রিয়াল মাদ্রিদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নাদালও প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও বোর্ডকে ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। শেখার আগ্রহ নিয়ে ক্লাবের জন্য নিজের সামর্থ্যের সবটুকু অবদান রাখতে চাই।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে নাদালের সম্পর্ক নতুন নয়। তিনি ছোটবেলা থেকেই ক্লাবটির একনিষ্ঠ সমর্থক। ২০১১ সালে তাঁকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য করা হয়। বিভিন্ন সময়ে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে বসে প্রিয় দলের খেলাও উপভোগ করেছেন এই কিংবদন্তি।
সমর্থক হিসেবে নয়, ভবিষ্যতে ক্লাবটির নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছেন নাদাল। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে চলতি বছরের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন থেকে নিজেকে দূরে রাখেন সাবেক এই টেনিস তারকা।
টেনিস ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় নাদাল ক্যারিয়ারে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম এককের শিরোপা। এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনেই রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া দুটি অলিম্পিক স্বর্ণপদক ও স্পেনের হয়ে পাঁচটি ডেভিস কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। দীর্ঘ সময় বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষেও ছিলেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিসকে বিদায় জানান নাদাল।
আগামী ২১ নভেম্বর সদস্যদের অনুমোদন মিললে রিয়াল মাদ্রিদের প্রশাসনিক কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত এই মুখ। তবে ক্লাব পরিচালনা ও নীতিনির্ধারণে তাঁর দায়িত্বের পরিধি কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন