প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে দক্ষ জনশক্তি তৈরির অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কারিগরি শিক্ষা পরিচিত। কিন্তু, এ খাত থেকে প্রশিক্ষণ নিয়ে বের হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতি তিনজনের একজনের বেশি কর্মহীন অবস্থায় রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ভর্তি কমছে এবং ঝরে পড়ার হার বাড়ছে। মানসম্মত শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণের অভাব, শিক্ষকসংকট, অপ্রতুল বরাদ্দ এবং আধুনিক প্রশিক্ষণ সরঞ্জামের অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ফলে, শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যও বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভেট স্কিলস ম্যাপিং’ শীর্ষক গবেষণায় কারিগরি শিক্ষার বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। টেকসই উত্তরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণায় শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া, শিক্ষকসংকট, অর্থায়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় ১১৯ জন কারিগরি শিক্ষার স্নাতকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, তাদের মধ্যে ৩৫ শতাংশ কর্মহীন। তবে, এ তথ্য জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের জাতীয় পর্যায়ের বেকারত্বের হার নয়।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে মোট শিক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে। পাঁচ বছরে শিক্ষার্থী সংখ্যা ৭১ হাজার ১৯৬ জন বা ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে। এইচএসসি পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ পর্যায়ে শিক্ষার্থী ছিল ২ লাখ ৬ হাজার ৭৫৩ জন, যা ২০২৩-২৪ সালে নেমে এসেছে ১ লাখ ৫৮ হাজার ৭০৬ জনে। একই সময়ে ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থী কমেছে ৮১ হাজার ৭৬ থেকে ৬৮ হাজার ৭৮২ জনে। এসএসসি পর্যায়েও শিক্ষার্থী সংখ্যা কমেছে।
ভর্তির পরও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে পারছে না। গবেষণায় উদ্ধৃত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের বার্ষিক খাতভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। সাধারণ এইচএসসি পর্যায়ে এ হার ১৯ দশমিক ৪ শতাংশ। এসএসসি ভোকেশনালে ঝরে পড়ার হার ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৭ দশমিক ৬৮ শতাংশ। শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে গবেষণায় আর্থিক সংকটের কথা বলা হয়েছে।
কারিগরি শিক্ষার আরেকটি বড় সংকট হলো শিক্ষকসংকট। গবেষণায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ২০২২ সালে অধিদপ্তরের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্যের হার ছিল ৮১ দশমিক ৫৫ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৪১ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিক্ষক পদ শূন্যের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
শিক্ষকসংকটের প্রভাব শ্রেণিকক্ষ ও ব্যবহারিক প্রশিক্ষণে পড়ছে। গবেষণায় ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ১ লাখ ৫৪ হাজার ২৪৭ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক পাওয়া গেছে মাত্র ১ হাজার ৪২৬ জন। সেখানে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ১০৮ জনের বেশি। ১০৭টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন ১ হাজার ৩৩ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৬৩। দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৮৯ জন। অথচ গবেষণায় আন্তর্জাতিক তুলনার জন্য ১:১৫ অনুপাতের মানদণ্ড উল্লেখ করা হয়েছে।
শিক্ষকসংকটের পাশাপাশি অর্থায়নেও পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা। গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.১ শতাংশের কম। একই অর্থবছরে শিক্ষা বাজেটের ১২ দশমিক ৪৪ শতাংশ ছিল কারিগরি শিক্ষার অংশ। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বরাদ্দের প্রায় ৬০ শতাংশ মাদরাসা শিক্ষা এবং ৪০ শতাংশ কারিগরি শিক্ষায় ব্যয় হয়। এর মধ্যে সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য সরাসরি ব্যয় হয় বিভাগের বাজেটের মাত্র ১০ শতাংশ।
শিক্ষার্থীপ্রতি ব্যয়ের ব্যবধানও বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের ২০২৪ সালের ডিসেম্বরের গবেষণার বরাত দিয়ে মূল প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর পেছনে বছরে ব্যয় হয় ২৭ হাজার ৯১১ টাকা। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ব্যয় ৩১ হাজার ৮১৬ টাকা। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ বুয়েটের তুলনায় সরকারি পলিটেকনিকে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় প্রায় ১১ ভাগের এক ভাগ।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের চিত্রও উদ্বেগজনক। ১১৯ জন কারিগরি শিক্ষার স্নাতকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ স্বনিয়োজিত। বাকি ৩৫ শতাংশ কর্মহীন। যাঁরা চাকরি পেয়েছেন, তাদের ৪৪ শতাংশ সনদ অর্জনের তিন মাসের মধ্যে কাজ পেয়েছেন। অন্যদিকে ২২ শতাংশের চাকরি পেতে দুই বছরের বেশি সময় লেগেছে। কর্মসংস্থানে যুক্ত ব্যক্তিদের ৮৯ শতাংশ প্রশিক্ষণসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকলেও কর্মহীনদের ৮১ শতাংশ দক্ষতার সঙ্গে চাকরির চাহিদার অসামঞ্জস্যকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
গবেষণায় আরো দেখা গেছে, ৪৮ শতাংশ স্নাতক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আচরণগত দক্ষতার ঘাটতির কথা বলেছেন। ৫৫ শতাংশ প্রশিক্ষণের সময় ব্যবহৃত পুরনো যন্ত্রপাতিকে কর্মসংস্থানের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। কর্মসংস্থানে টিকে থাকতে ৫৮ শতাংশকে সনদ অর্জনের পর অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়েছে। চাকরিতে যুক্ত স্নাতকদের মধ্যে বেতন নিয়ে সন্তুষ্টির হার মাত্র ৪৪ শতাংশ।
প্রতিষ্ঠান পর্যায়ের জরিপেও প্রশিক্ষণের মান নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠানপ্রধান পর্যাপ্ত ল্যাব ও ওয়ার্কশপের অভাবকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। ৭৭ শতাংশ জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষকের সংকট রয়েছে। অন্যদিকে ৯০ শতাংশ শিক্ষক মনে করেন, শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পাঠ্যক্রম দ্রুত হালনাগাদ করা প্রয়োজন।
গবেষণায় কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, শূন্য পদে শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণার পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষ জনশক্তি তৈরি করতে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ও আসনসংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। শিক্ষার্থী ভর্তি থেকে প্রশিক্ষণ, সনদ অর্জন এবং কর্মসংস্থান পর্যন্ত পুরো ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনতে হবে। অন্যথায়, কারিগরি শিক্ষার সম্প্রসারণের পরও দেশের শিল্প ও শ্রমবাজারের জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি করা কঠিন হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন