প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনার ফলে আহত হয়েছে একটি উটও।
প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও, ইরাকি আগ্রাসনের ফলে যে বিস্ফোরক অবশিষ্ট রয়েছে, তা মানুষের জীবনের জন্য কতটা মারাত্মক হুমকি, তা আবারও প্রমাণিত হলো।
ঘটনার খবর পাওয়ার পর, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা বিধ্বংসী মাইন বা অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখার কারণে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।
ঘটনার গুরুত্বের কারণে কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে, মাইনটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। তারা আশপাশের এলাকায় তল্লাশি চালায় এবং নিশ্চিত করে যে অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট রয়েছে কি না। ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিটও তদন্ত কার্যক্রমে অংশ নেয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও দূতাবাসের কাছে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ প্রায় চার দশক পেরিয়ে গেলেও, কুয়েতের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন ও অন্যান্য বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনো প্রাণঘাতী ঝুঁকি হয়ে রয়েছে। সর্বশেষ এই মর্মান্তিক ঘটনা আবারও সেই ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন