প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানি ও নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিনিয়ত ঘটছে, কিন্তু এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ ও নৈতিক অবস্থান সব সময় সমানভাবে দৃশ্যমান হয় না। অনেক সময় ক্ষমতা, প্রভাব, সামাজিক অবস্থান কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষ নীরব থাকে। অথচ পরীমনি, মোনামি কিংবা আমাদের মতো নারীদের পোশাক, ব্যক্তিগত জীবন ও সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে সমাজের একাংশের নৈতিক উদ্বেগের কোনো শেষ নেই। এই বৈপরীত্য আমাদের সামাজিক মূল্যবোধের গভীর অসংগতিকে সামনে নিয়ে আসে।
সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই প্রবণতাকে 'Selective Moral Policing' এবং 'Gendered Surveillance' ধারণার আলোকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ, নৈতিকতার প্রয়োগ এখানে সর্বজনীন নয়; বরং ক্ষমতার কাঠামো ও লিঙ্গভিত্তিক সামাজিক প্রত্যাশা দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষত নারীর শরীর, পোশাক, চলাফেরা ও আনন্দের ওপর সামাজিক নজরদারি প্রতিষ্ঠার প্রবণতা পিতৃতান্ত্রিক সংস্কৃতির একটি পরিচিত বৈশিষ্ট্য। ফলে যৌন নির্যাতনের মতো কাঠামোগত সমস্যার বিরুদ্ধে প্রতিবাদের চেয়ে নারীর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ন্ত্রণের তৎপরতা অনেক সময় বেশি দৃশ্যমান হয়ে ওঠে।
এখানে একটি মৌলিক প্রশ্ন আছে: একজন শিক্ষক নারী, না পুরুষ—এটি এত বড় করে দেখার কী আছে? শিক্ষকতা একজন মানুষের পেশাগত পরিচয়, তার সমগ্র অস্তিত্ব নয়। একজন শিক্ষকও একজন স্বতন্ত্র মানুষ; তার পরিবার আছে, ব্যক্তিগত পরিসর আছে, আনন্দ ও বিনোদনের প্রয়োজন আছে। পরিবারের সঙ্গে আনন্দ করা, নাচ উপভোগ করা কিংবা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া তার পেশাগত মর্যাদাকে খর্ব করে না। একজন শিক্ষককে সারাক্ষণ গুরুগম্ভীর, নির্বিকার ও সামাজিকভাবে আরোপিত কোনো আদর্শ প্রতিমূর্তি হয়ে থাকতে হবে—এমন প্রত্যাশা ব্যক্তিসত্তার বহুমাত্রিকতাকে অস্বীকার করে। পেশাগত নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে ব্যক্তির বৈধ ব্যক্তিগত স্বাধীনতাকে গুলিয়ে ফেলা যায় না।
১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের প্রসঙ্গেও আবেগ, অনুমান কিংবা রাজনৈতিক অবস্থানের পরিবর্তে অধ্যাদেশের প্রকৃত ভাষ্য ও আইনি ব্যাখ্যার ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন। নাচ বা সাংস্কৃতিক পরিবেশনা নিষিদ্ধ—এমন কোনো বিধান অধ্যাদেশে রয়েছে কি না, তা নির্দিষ্ট আইনি ভিত্তিতে প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণ বা সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি মুক্তচিন্তা, সাংস্কৃতিক বহুত্ববাদ, সৃজনশীলতা, ভিন্নমত ও ব্যক্তিস্বাধীনতার বিকাশের পরিসর। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের তাৎপর্য কেবল প্রশাসনিক স্বাধীনতায় সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও সাংস্কৃতিক বিকাশের পরিবেশ।
আরো গভীরভাবে দেখলে, এখানে প্রশ্নটি কেবল নাচের অনুমতি কিংবা একজন শিক্ষকের ব্যক্তিগত আনন্দের নয়। প্রশ্নটি হলো—আমরা কি এমন একটি সমাজ চাই, যেখানে মানুষের পেশাগত পরিচয়, বিশেষত নারীর পরিচয়, তার ব্যক্তিস্বাধীনতার ওপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অজুহাত হয়ে উঠবে? আমরা কি এমন এক নৈতিকতার চর্চা করছি, যেখানে অপরাধের চেয়ে অপরাধ নিয়ে কথা বলা মানুষের পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? যেখানে যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে মানুষ দ্বিধাগ্রস্ত, সেখানে নারীর সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে এত তীব্র নৈতিক প্রতিক্রিয়া কেন?
নৈতিকতা কখনোই ক্ষমতাবানদের দায়মুক্তি এবং নারীর স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে না। নৈতিকতার সারবত্তা প্রকাশ পায় দুর্বল ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয়, যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ায়, দুর্নীতির প্রতিবাদে এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার মধ্যে।
একজন শিক্ষককে তার জ্ঞান, দায়িত্ব, পেশাগত সততা ও অবদানের ভিত্তিতে মূল্যায়ন করুন; তার ব্যক্তিগত আনন্দের মুহূর্ত দিয়ে নয়। একজন নারীকে তার চিন্তা, কাজ, যোগ্যতা ও মানবিক পরিচয়ে বিচার করুন; তার পোশাক কিংবা সাংস্কৃতিক অভিব্যক্তি দিয়ে নয়।
একটি সভ্য সমাজ মানুষের আনন্দকে অপরাধে পরিণত করে না; বরং মানুষের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য তার নৈতিক শক্তি ব্যয় করে। যে সমাজে দুর্নীতি ও যৌন নির্যাতনের বিরুদ্ধে নীরবতা থাকে, অথচ নারীর নাচ নিয়ে নৈতিকতার আদালত বসে, সেই সমাজের নৈতিকতাকেই প্রশ্ন করা প্রয়োজন। কারণ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা নৈতিকতার উদ্দেশ্য নয়; অন্যায়, নিপীড়ন ও বৈষম্য থেকে মানুষকে মুক্ত রাখাই নৈতিকতার প্রকৃত দায়।
লেখক: সহযোগী অধ্যাপক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন