প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পৃথিবীর আকাশে বর্তমানে একটি নতুন চাঁদ ঘুরে বেড়াচ্ছে। তবে এটি স্থায়ী উপগ্রহ নয়, বরং একটি ক্ষুদ্র গ্রহাণু। গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে এটি। এই ক্ষুদ্র গ্রহাণুর ব্যাস প্রায় ২ মিটার (৬ ফুট) এবং আগামী ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই সাময়িক উপগ্রহটিকে ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ হিসেবে অভিহিত করা হচ্ছে। গ্রহাণুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ বা তার ভাঙা অংশ কিনা, তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।
সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে এই বস্তুর নামকরণ করেছে ‘২০২৬ কিউকিউ৮’। এই সংস্থাটি সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে।
‘মিনি মুন’ নামটি কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক নাম নয়। এর আগে পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরে বেড়ানো কিছু প্রাকৃতিক বস্তুর ক্ষেত্রেও বিজ্ঞানীরা এই শব্দটি ব্যবহার করেছেন। এর মধ্যে একটি বস্তু প্রায় এক বছর এবং অন্যটি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানিয়েছেন, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক উপগ্রহ থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে এমন একটি বস্তু থাকতে পারে। এগুলো সাধারণত কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো একাধিক বস্তু দেখা যায়।
এ ধরনের বস্তুর তালিকা তুলনামূলকভাবে ছোট হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অধিকাংশ গ্রহাণু আকারে খুব ছোট। অনেক সময় এগুলো পৃথিবী থেকে কিছুটা দূরে থাকে এবং দ্রুত গতিতে চলাচল করে। ফলে বর্তমান পর্যবেক্ষণ প্রযুক্তিতে এগুলো শনাক্ত করা কঠিন।
তবে ২০২৬ কিউকিউ৮ নিয়ে পৃথিবীর জন্য কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। যদি এটি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তবে আকার ছোট হওয়ায় এটি বায়ুমণ্ডলেই পুড়ে ভেঙে যাবে। পেইনের ভাষায়, এতে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কাপাত দেখা যাবে এবং সামান্য বিস্ফোরণের মতো শব্দ হতে পারে।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন