প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে, এই ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের জিম্বংখালী সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবি জানায়, জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির ৭ নম্বর পোস্টের নিকটবর্তী বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা ব্যাগ দুটি ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালানোর পর অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন