প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগের সম্ভাবনা দেখে অনেক উদ্যোক্তা বাংলাদেশে আসলেও প্রশাসনিক জটিলতার কারণে তাঁরা অল্প সময়ের মধ্যেই আগ্রহ হারাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি উল্লেখ করেছেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য করপোরেট সুশাসনের বিকল্প নেই। করপোরেট গভর্ন্যান্স এখন আইন ও বিধিবিধান প্রতিপালনের বিষয় নয়; বরং এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য একটি অপরিহার্য শর্ত। স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক নেতৃত্ব ছাড়া শুধুমাত্র আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অগ্রগতি নিশ্চিত করতে পারে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানের সাফল্য শুধুমাত্র মুনাফা বা আর্থিক প্রবৃদ্ধি দিয়ে মূল্যায়ন করা যায় না। শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার ও নিয়ন্ত্রক সংস্থাসহ সকল অংশীজনের স্বার্থের ভারসাম্য রক্ষায় কার্যকর করপোরেট সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, সুশাসনের চর্চা শুধুমাত্র বেসরকারি খাতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থা গড়ে তুললে অনিয়মের সুযোগ কমবে এবং ব্যবসা পরিচালনা সহজ হবে।
দেশের ব্যাংক খাতে সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এসব নীতিতে পরিবর্তন ও শিথিলতার ফলে সুশাসন দুর্বল হয়েছে। এর প্রভাব পড়েছে কয়েকটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।
ব্যাংক গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ও স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি ও ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করতে কার্যকর তদারকি জরুরি বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। স্বাগত বক্তব্য দেন আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএস।
পরে করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন