প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সেপ্টেম্বর মাস পর্যন্ত গত তিন মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার কমে গেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ বিষয়টি উন্মোচিত হয়েছে।
এ তথ্যটি তরুণদের বেকারত্বের সমস্যা মোকাবিলায় সরকারের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশের পূর্বে সামনে এসেছে।
জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তরুণদের বেকারত্বের হার ১৫ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।
ওএনএস জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যের সামগ্রিক বেকারত্বের হার আগের ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
লেবার সরকারের সাবেক কর্মকর্তা অ্যালান মিলবার্নের নেতৃত্বে গঠিত একটি পর্যালোচনা কমিটি মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করবে।
‘নিট’ (এনইইটি) নামে পরিচিত তরুণদের সংখ্যা চলতি বছরের শুরুতে ১০ লাখের বেশি হয়ে যায়।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সরকার এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের চেয়ে বেশি ‘নিট’ হার ছিল কেবল রোমানিয়ায়। প্রতিবেদনটি মঙ্গলবার পরে প্রকাশিত হবে।
পর্যালোচনা প্রতিবেদনে ২০২৯ সালের মধ্যে দেশজুড়ে স্থানীয় সেবার একটি নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এই নেটওয়ার্কের আওতায় পেশাগত দিকনির্দেশনা, কর্মসংস্থানে সহায়তা, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবহারিক সহায়তা এক জায়গা থেকে প্রদান করা হবে।
সুপারিশ অনুযায়ী, এ ধরনের সমস্যায় থাকা প্রত্যেক তরুণের জন্য একজন নির্দিষ্ট পরামর্শক নিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকার এসব সুপারিশ বাস্তবায়নের উপায় পর্যালোচনা করবে। এর মধ্যে ২৫ বছরের কম বয়সীদের কল্যাণ ভাতায় পরিবর্তনের বিষয়টিও থাকতে পারে।
মিলবার্ন বলেন, কল্যাণ ভাতা কমানোর আগে সহায়তা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে ২০৩১ সালের মধ্যে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭০ হাজারে পৌঁছাতে পারে।
এক বিবৃতিতে মিলবার্ন বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন