প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে সার লুটের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ১২২ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, সার লুটের দিন রাতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়।
এই কমিটি গতকাল সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দিলে তা তাৎক্ষণিক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। তদন্তে সার ডিলার শাহ আমানত ট্রেডার্স, স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুলের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সার লুট ঘটনায় উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কেন্দ্রীয়ভাবে জেনারেল ম্যানেজারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিসিআইসি তদন্ত কমিটি গতকালই তদন্ত শেষ করে ঢাকায় ফিরে গেছেন। আর স্থানীয় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চাহিদানুযায়ী ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই অগ্রীম সার ক্রয় করার প্রয়োজন নেই। কোনো কৃষক ডিলারদের কাছ থেকে চাহিদানুযায়ী সার না পেলে সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করলে তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে সার প্রদান করা করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) আওতায় ১১৪ জন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আওতায় ৯৪ জন সার ডিলার রয়েছে। প্রতি ইউনিয়নে বিএডিসি ৩ জন ও বিসিআইসি ১ জন ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে কোথাও কোথাও কম-বেশি রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে সব ডিলারদের সমন্বিতভাবে সমহারে ইউরিয়া সারসহ অন্যান্য সার সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম চলছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন বলেন, ‘কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যাবার ঘটনায় গত রবিবার রাতে ডিলার তাইফুর রহমান মুকুল থানায় জিডি করেছেন’। তিনি আরো বলেন, ‘আজ মঙ্গলবার পর্যন্ত ১২২ বস্তা সার কৃষকদের কাছ থেকে ফেরত পাওয়া গেছে। বাকি লুট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন