প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কার্লোস তেভেজ, যিনি সবুজ মাঠকে বিদায় জানানোর দীর্ঘ চার বছরের পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টাইন ফুটবলের ‘আপাচে’ খ্যাত এই ফরোয়ার্ড, মাঠ মাতানো ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এক রাজকীয় আয়োজনের মাধ্যমে। আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার ঐতিহাসিক ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার বহুলপ্রতীক্ষিত বিদায়ী ম্যাচ, যার নামকরণ করা হয়েছে—‘গুডবাই আপাচে : ফ্রম বল বয় টু লিজেন্ড’।
বিদায়ী ম্যাচটিকে শুধুমাত্র একটি প্রদর্শনী ম্যাচে সীমাবদ্ধ রাখতে চান না তেভেজ। তিনি চান এটি বিশ্ব ফুটবলের মহাতারকাদের মিলনমেলায় পরিণত হোক। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপকালে তেভেজ নিশ্চিত করেছেন, তার এই বিশেষ দিনে মাঠে উপস্থিত থাকবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকেলমে।
এছাড়া, ফুটবল দুনিয়ার দুই বরপুত্র—লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই মাঠে নামানোর একটি রোমাঞ্চকর পরিকল্পনা হাতে নিয়েছেন তেভেজ। তিনি নিজেই রোনালদোকে এই ম্যাচে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন। যদি পর্তুগিজ তারকা এই আহ্বানে সাড়া দেন, তবে বুয়েনস আইরেসের সবুজ গালিচায় মেসি-রোনালদোকে একসঙ্গে দেখার একটি অবিশ্বাস্য ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বিশ্ব।
মাঠের লড়াইয়ে তেভেজের পাশে ইউরোপ ও লাতিন আমেরিকার সোনালি প্রজন্মের সতীর্থদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য অতিথি তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সতীর্থদের মধ্যে সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি এবং আন্দ্রেয়া পিরলোর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
২০০১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করা তেভেজ ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করেছেন। ২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে তার অবিস্মরণীয় অবদান ছিল। মাঠ ছাড়ার পর কোচিং পেশায় হাত পাকালেও (সর্বশেষ গত মে মাসে ত্যারেস দে কর্দোবার কোচের দায়িত্ব ছাড়েন) বর্তমানে তিনি প্যাডেল কোর্টের ব্যবসায় ব্যস্ত রয়েছেন।
তবে সব ব্যস্ততার মাঝে, আগামী ২০ ডিসেম্বর শেকড়ের টানে সেই চিরচেনা লা বোম্বোনেরার গ্যালারির সামনে শেষবারের মতো বুট জোড়া পায়ে নামবেন ‘আপাচে’। যে স্টেডিয়ামে বল বয় থেকে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছিলেন, সেখানেই তিনি বর্ণিল এক ক্যারিয়ারের ইতি টানবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন