প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর থেকে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে।
গোয়েন্দা পুলিশ রংপুর নগরীর এই অভিযানের অংশ হিসেবে আটককৃতদের কাছ থেকে মোট ১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, আটটি স্বাক্ষরিত চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, চারটি মূল সার্টিফিকেট এবং পাঁচটি স্মার্টফোন উদ্ধার করে।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে বিষয়গুলো প্রকাশ করেন। শুক্রবার রাতে নগরীর ধাপ জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল।
আটককৃত ব্যক্তিরা হলেন- ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুরের মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর এলাকার ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুর পাবর্তীপুর তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (৩০) এবং আশরাফুল ইসলাম (৩৬)।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী উল্লেখ করেন, রাজশাহীতে অনুষ্ঠিত ডাকবিভাগের একটি পরীক্ষার প্রেক্ষিতে এই চক্রটি যে জাল-জালিয়াতি, প্রক্সি পরীক্ষা দেওয়ার এবং প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, তা জানা গেছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার রাতে ধাপ জেল রোড এলাকায় অভিযান চালানো হয় এবং ছয়জনকে আটক করা হয়। আটকদের সঙ্গে এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার কথাও জানান পুলিশ।
এছাড়া উপ-পুলিশ কমিশনার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় একটি প্রতারণার মামলা করা হবে এবং তাদের আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন