প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আগমনের প্রেক্ষাপটে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ ৫০ হাজার ডলার অনুদান প্রদান করেছেন। এই অর্থের মাধ্যমে অস্থায়ী তাঁবুতে বসবাসরত ১০০টি পরিবারের জন্য জরুরি আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে।
রয়া নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলা হাদিদের ইনস্টাগ্রাম পোস্টের ভিত্তিতে এ খবর প্রকাশিত হয়েছে। ইনস্টাগ্রামে তিনি জানান, তিনি ‘টেন্টস অব হোপ’-এর ‘উইন্টার টেন্ট কিটস ফর গাজা’ উদ্যোগের আওতায় এই অনুদান প্রদান করেছেন। শীতের তীব্রতা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে এই উদ্যোগের মাধ্যমে জলরোধী তাঁবু, কম্বল ও ম্যাট্রেস সরবরাহ করা হবে।
হাদিদ আরও জানান, তার দেওয়া অনুদানের ফলে ১০০টি পরিবারের জন্য পূর্ণাঙ্গ আশ্রয় কিট সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, গাজায় আশ্রয়সংকটের ব্যাপকতা তুলে ধরতে গিয়ে প্রতিটি পরিবারের ব্যক্তিগত দুর্ভোগ যেন আড়ালে চলে না যায়।
মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মৌলিক আশ্রয় নিশ্চিত করতে অন্তত তিন লাখ তাঁবু প্রয়োজন। কিন্তু কয়েক লাখ পরিবার জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে, যেখানে আসন্ন শীত মোকাবিলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই।
বেলা হাদিদ পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, কেন ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমিতে ঘরবাড়ি ছেড়ে তাঁবুতে আশ্রয় নিতে হচ্ছে। তিনি বলেন, পরিবারগুলোর জন্য শুধু অস্থায়ী আশ্রয় নয়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করা প্রয়োজন।
অনুদানে উৎসাহিত করতে প্রয়োজনীয় সামগ্রীর পৃথক খরচের হিসাবও তুলে ধরেছেন এই মডেল। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ ডলারে একটি পরিবারের জন্য কম্বল, ৩০ ডলারে একটি ম্যাট্রেস, ৭৫ ডলারে তাঁবুর জলরোধী ব্যবস্থা এবং ২৫০ ডলারে একটি পূর্ণাঙ্গ তাঁবুর ব্যবস্থা করা সম্ভব।
তিনি জানান, ছোট অঙ্কের অনুদানও আশ্রয় কিট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পোস্টে অনুসারীদের উদ্দেশে বেলা হাদিদ লিখেছেন, ‘আপনি যতটুকু দিতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে আবেদনটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শীতের তীব্রতায় হাইপোথার্মিয়াসহ নানা স্বাস্থ্যঝুঁকি থেকে শিশু, পরিবার ও প্রাণীদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সূত্র: রয়া নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন