প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের অর্থনীতি ক্রমবর্ধমান ঋণের সুদ এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে মন্দায় পতিত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটি টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের ফলে মন্দার সম্মুখীন হয়েছে।
জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসির (আইএনএসইই) শুক্রবার সংশোধিত হিসাবে জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। এর আগে প্রাথমিক হিসাবে সংকোচনের হার শূন্য দশমিক ১ শতাংশ ছিল।
সংশোধিত হিসাব অনুসারে, টানা দুই প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকেও ফ্রান্সের অর্থনীতিতে সামান্য সংকোচন লক্ষ্য করা গেছে।
এদিকে, দেশটির বাজেট ঘাটতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় শুক্রবার আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছে। তবে ফ্রান্সের সার্বভৌম ঋণমান ‘এ প্লাস/এ-১’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর এবং আগামী বছর ফ্রান্সের রাজস্ব ঘাটতি পূর্বের ধারণার তুলনায় বেশি হতে পারে।
ইনসির কর্মকর্তা মেরি লেক্লেয়ার মন্তব্য করেছেন, দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনে সামান্য পতন দেখা যাচ্ছে।
২০২৬ সালে ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে সরকারি ঋণ জিডিপির প্রায় ১১৯ শতাংশে দাঁড়াতে পারে। আগামী বছরের বাজেট ঘাটতি ৫ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে প্রায় ৫০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের প্রস্তাবও রয়েছে।
রাজনৈতিক অনিশ্চয়তা, সরকারি অর্থের ওপর বাড়তি চাপ এবং ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আগামী বছর ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন