প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির ফলে চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বদলে দেয়ার দম্ভোক্তি তার জন্য এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। গাজা এবং লেবাননে স্থায়ী বিজয় না পাওয়ার কারণে আসন্ন অক্টোবরের জাতীয় নির্বাচনের আগে তিনি ভেতরে-বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ফাটল এবং আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর গদিকে আরও নড়বড়ে করে তুলেছে।
যুক্তরাষ্ট্র-ইরান আকস্মিক চুক্তিটি ইসরাইলের রাজনীতিতে বড়সড় ঝড় তুলেছে। আগামী অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ট্রাম্পের যুদ্ধ অবসানের সিদ্ধান্তে তার মধ্যপ্রাচ্য বদলে দেয়ার দম্ভোক্তি পুরোপুরি ভেস্তে গেছে। চুক্তিতে লেবানন যুদ্ধ বন্ধের শর্ত থাকায় নেতানিয়াহুর যুদ্ধংদেহী নীতি বড় ধাক্কা সামলাতে হচ্ছে।
নির্বাচনের ঘোষণা দিলেও জরিপ বলছে, নেতানিয়াহুর ডাউনপন্থি জোট বড় পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। দুর্নীতির অভিযোগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার কারণে তিনি আগে থেকেই বিপর্যস্ত ছিলেন। নজিরবিহীন হামলার পরও হামাস, হিজবুল্লাহ ও ইরান এখনও সমানভাবে সক্রিয় রয়েছে। এখন বিভিন্ন ফ্রন্টের যুদ্ধে কোনো স্থায়ী বিজয় না আসা এবং সেনা হতাহত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ায় ভোটারদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে।
নেতানিয়াহুর যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ স্পষ্ট জানিয়েছেন, তিনি চূড়ান্ত পরীক্ষায় ভেঙে পড়েছেন এবং যুদ্ধে হেরে গেছেন।
অন্যদিকে, গাজার ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বেড়েছে। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পশ্চিমা বিশ্বেও তার গ্রহণযোগ্যতা কমেছে।
সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার অতি-নির্ভরশীলতার জায়গা থেকে। তার একপেশে নীতির কারণে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সমর্থন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিশ্বস্ত মিত্র ডনাল্ড ট্রাম্পও ফোনালাপে মেজাজ হারিয়ে তাকে ‘উন্মাদ’ বলেছেন। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে আন্তর্জাতিক স্তরে বন্ধুহীন হয়ে এখন সব কূল হারাতে বসেছেন এই যুদ্ধবাজ নেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন