প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রেজাউল করিম মানিক
রংপুর, ১৬ নভেম্বর, ২০২৬ : রংপুরের ৮টি উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কারণে গবাদিপশুর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে ১১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬ জন। তাদের একজন প্রশিক্ষণে থাকায়, সীমিত জনবল নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। ফলে খামারি ও পশুপালকরা ভোগান্তিতে পড়ছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মচারীরাও চিকিৎসা সেবার কাজে যুক্ত হচ্ছেন।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন কর্মরত রয়েছেন। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এবং (প্রাণি স্বাস্থ্য) পদ দু’টি শূন্য রয়েছে। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে ৪ জনের বিপরীতে কর্মরত আছেন ৩ জন, যাদের একজন প্রশিক্ষণে রয়েছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিও শূন্য। অফিস সহায়ক ও ড্রেসার পদে একজন করে কর্মরত আছেন।
জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা চালাতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু, ছাগল ও বাছুর নিয়ে হাসপাতালে আসা পশুপালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি রোগীদের সময়মতো চিকিৎসা না পাওয়ায় পশুর শারীরিক অবস্থার অবনতি ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
চিকিৎসা নিতে আসা মাদারগঞ্জের রুহুল আমিন বলেন, ‘প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্ত চিকিৎসক পাচ্ছি না। পরে দেখি হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসা দিচ্ছেন।
আমরা প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে পশু নিয়ে এখানে আসি ভালো চিকিৎসার আশায়। এত দূর থেকে এসে যদি প্রয়োজনীয় চিকিৎসা না পাই, তাহলে এখানে এসে কী লাভ?’
একবারপুর মধ্যপাড়ার মেরিনা বেগম বলেন, ‘আমার বাছুর অসুস্থ’ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। কিন্ত একজন চিকিৎসকের পক্ষে এতগুলো পশু দেখা সম্ভব হচ্ছে না। তাই কর্মচারীরাও চিকিৎসার কাজে যুক্ত হচ্ছেন। আমরা চাই, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া হোক।’
রামনাথপুর এলাকার মোকছেদ আলী বলেন, ‘চিকিৎসক না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। কর্মচারীদের দিয়ে চিকিৎসা করাতে আমাদের অনেকেই ভরসা পাই না। সাধারণ মানুষ সব সময় বুঝতেও পারেন না কে চিকিৎসক আর কে কর্মচারী। আমরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছি।’
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের এখানে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা দিতে কিছুটা বিঘ্ন ঘটছে। আমি একাই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চাপের মধ্যে পড়ছি। তারপরও যতটুকু সম্ভব পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির বলেন, ‘জনবল সংকটের বিষয়টি একাধিকবার জেলা কার্যালয়কে জানিয়েছি। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী না থাকায় সীমিত জনবল দিয়েই কার্যক্রম চালাতে হচ্ছে।’
একই অবস্থা রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায়। এসব অফিসে জনবল সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন পশুপালকরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, জনগণের চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন