প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে গোলাম হায়দার কিসলুর। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তার প্রথম সিনেমার নাম ‘মস্তান’। এই সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহি। মাহির জন্য এটি বড় পর্দায় অভিষেকের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটির গল্পের ধরন সম্পর্কে পরিচালক জানিয়েছেন, “এক লাইনে যদি গল্পটা বলি, তাহলে এটা প্রেমের গল্প, প্রতিশোধের গল্প।” আগামী ২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। গত বুধবার পরিচালকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গল্পের প্রয়োজনে পুরো সিনেমার শুটিং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে হবে। নির্মাতা ইতিমধ্যে রামগড়ে লোকেশন নির্বাচনের কাজে রয়েছেন। সেখানকার কাজ শেষ করার পর কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন এলাকায় শুটিং করার পরিকল্পনা রয়েছে। পাহাড়ি পরিবেশ ও বৈচিত্র্যময় লোকেশনের মাধ্যমে পর্দায় ভিন্ন আবহ তৈরি করার ইচ্ছা রয়েছে তার।
‘মস্তান’-এর কাহিনি ও চিত্রনাট্য দুটিই লিখেছেন গোলাম হায়দার কিসলু। তবে তিনি গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না। অভিনয়শিল্পীদের পরিচিত গণ্ডির বাইরে গিয়ে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার। এ প্রসঙ্গে পরিচালক বলেন, “প্রত্যেক পরিচালকই অভিনয়শিল্পীকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান। আমার চাওয়াও তা–ই। আমার চরিত্রগুলোর ভাবনাচিন্তা অন্য রকম। চরিত্রের উপযোগী করে তাদের দেখাতে চাই।”
এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সামিরা খান মাহির। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোয় চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রী। প্রথম ছবিতেই চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জার মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়ে মাহি বলেন, “অনেক দিন ধরে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। কেন জানি মনে হচ্ছিল, যে ধরনের গল্পে আমি কাজ করতে চাই, সেটার দেখা পাচ্ছিলাম না। এই ছবি নিয়ে প্রথম যখন কথা হয়, তখনই ভালো লাগে, তাই আর খুব একটা দেরি করিনি।”
এদিকে সর্বশেষ সিনেমা ‘মালিক’ প্রত্যাশিত সাফল্য না পেলেও নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আরিফিন শুভ। তার অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ‘মস্তান’-এ তার চরিত্রটি কেমন হবে, তা এখনো প্রকাশ করেননি পরিচালক। সম্প্রতি ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন তমা মির্জা। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে আশাবাদী এই অভিনেতা বলেন, “নতুন গল্প, নতুন চরিত্র। সহশিল্পীরাও সব অসাধারণ। বছরখানেক ধরে গল্পটি নিয়ে আলোচনা চলছিল। যদিও পরিচালকের প্রথম সিনেমা, কিন্তু নির্মাণে তিনি বেশ অভিজ্ঞ। আশা করছি, নতুন কিছুই মানুষ দেখতে পাবেন।”
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মস্তান’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন