প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সিগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক মামলার বাদী দম্পতিকে অপহরণের চেষ্টা, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মুন্সীগঞ্জ আদালত থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহত মিজানুর রহমান সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। তার স্ত্রী হিরামণি সংশ্লিষ্ট মামলার বাদী।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি দেয়। পরে বাড়ি ফেরার পথে একই গ্রামের তারা মিয়ার ছেলে কামাল (৩৫), দুখু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৫০), ওয়াহাব মিয়ার ছেলে আফজাল হোসেন (৩০) এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, সেখান থেকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে মুন্সীগঞ্জ সদর থানার সুপার মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং ডান চোখেও আঘাত করা হয় বলে দাবি পরিবারের।
হিরামণি বলেন, আসামিরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। তারা আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে অন্য এলাকা থেকে তুলে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকেও মারধর করা হয়। তারা বারবার বলছিল, আজ আমার স্বামীকে মেরে ফেলবে। পরে আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আমরা রক্ষা পাই।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মিজানুর রহমানকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠান। পরে সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন