প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৭ দিন পর উৎপাদনে ফিরেছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
এর আগে ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
তবে চালুর ৪৮ ঘণ্টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে উৎপাদনে ফিরলেও কিছুদিন পর পুনরায় যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। কারখানাটি স্বাভাবিকভাবে চালু থাকলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করতে দীর্ঘ সময় লাগে। বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা আগের তুলনায় কমে গেছে।
মিজানুর রহমান জানান, কারখানাটি প্রায় ৪০ বছরের পুরনো। কবে কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন