প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপােরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ডিএনসিসির ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় সকলকে আইন মেনে চলতে হবে, দলমত নির্বিশেষে। তিনি জানান, আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রশাসক নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।
কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠাবার মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত চলছে এবং সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধি অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, যাদের ক্ষেত্রে যৌক্তিক এবং বিধিসম্মত বিষয় থাকবে, তাদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।
রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতিকথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।
তিনি আরো জানান, শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। সকলকে নিজস্ব নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন