প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাতে একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর ফলে একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন লেগে যায়, যা পরে আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এই আগুনের কারণে প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহর প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা অন্যান্য যানবাহনে আঘাত করে।
দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাঁচটি ছিল ট্রাক। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়, যা পরে আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অর্ধেক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলেও কনস্যুলেট জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন