প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্ক বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের জন্য একটি সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে। দেশটির বস্ত্র, কার্পেট, আসবাব ও গৃহসজ্জা শিল্পে বাংলাদেশি পাটের সুতা এবং বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তৈরি পোশাকের পর, তুরস্কে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠেছে পাট ও পাটজাত সামগ্রী। সম্প্রতি আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের ১২৯ ধরনের পাটপণ্যের প্রদর্শনী এই সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি সঠিক পরিকল্পনা এবং চাহিদার ভিত্তিতে পণ্য উৎপাদন করা হয়, তবে তুরস্কের বাজারে পাটপণ্যের রপ্তানি কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে তুরস্কে ৭১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে, দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৫৯ দশমিক ৯২ মিলিয়ন ডলার। অর্থাৎ, চার মাসে তুরস্কে বাংলাদেশের মোট রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৬৯ শতাংশ। এ ছাড়া, ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৬১ দশমিক ৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ১৪৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনস (ডব্লিউআইটিএস) এবং জাতিসংঘের কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তুরস্ক ১১ কোটি ৭৩৪ লাখ ডলারের পাটের একক সুতা আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা হয় প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য। একই বছর পাটের বস্তা ও ব্যাগ আমদানিতেও শীর্ষ সরবরাহকারীদের মধ্যে বাংলাদেশ ছিল। তুরস্কের মোট ৫ লাখ ১৮ হাজার ডলারের আমদানির মধ্যে বাংলাদেশ সরবরাহ করে ৪ লাখ ৬ হাজার ডলারের বেশি। ২০২৫ সালেও এ বাজারে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশীদারিত্ব ছিল।
কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, ব্লেজার, গৃহসজ্জার সামগ্রী ও হস্তশিল্পসহ ১২৯ ধরনের পাটপণ্য প্রদর্শন করা হয়। ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
পরদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশি পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণই ছিল এ উদ্যোগের লক্ষ্য। ১৪ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত এ বেরিস একিঞ্চির বৈঠকেও পাটপণ্যের প্রসার নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি পাটকে প্লাস্টিকের পচনশীল বিকল্প হিসেবে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে এফবিসিসিআইর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ মন্তব্য করেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পাট দিয়ে এখন আধুনিক ফ্যাশনপণ্যসহ নানা ধরনের সামগ্রী তৈরি হচ্ছে। তুরস্কের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা গেলে এ বাজারে বাংলাদেশের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন