প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রের সচিব পদটি দীর্ঘ ৯ মাস ধরে শূন্য অবস্থায় রয়েছে। এতে সরকারের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতা সৃষ্টি হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মকর্তাদের মতে, অর্গানোগ্রাম বা পরিচালন ছক ও জনবল কাঠামোর কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবের অভাবের ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ঘাটতি দেখা দিয়েছে। অনেকেই এ পদটি শূন্য থাকার বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, একজন উপযুক্ত কর্মকর্তাকে শিগগিরই এ পদে পদায়ন করা হবে। তবে, ৯ মাস ধরে গুরুত্বপূর্ণ এ পদটি কেন শূন্য রাখা হয়েছে, সে বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের কেউ কোনো জবাব দেননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি শেখ হাসিনার একান্ত সচিব-১ থেকে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হন। গণঅভ্যুত্থানের পর তাকে ওএসডি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান সাইফুল্লাহ পান্না। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হন। এর আগে তিনি অতিরিক্ত সচিব পদে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমান রাষ্ট্রপতি) কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ওই সময় তার একান্ত সচিব হিসেবে নিযুক্ত হন সাইফুল্লাহ পান্না। সব ধরনের মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও পতিত আওয়ামী লীগ সরকারের সময় তাকে নিয়মিত পদোন্নতি ও উপযুক্ত পদায়ন থেকে বঞ্চিত করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেয়। ছয় দিনের মাথায় ২৩ ফেব্রুয়ারি সাইফুল্লাহ পান্নাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়। সেই থেকে এ পদটি শূন্য রয়েছে।
৯ মাসের শূন্যতা নিয়ে প্রশাসনজুড়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ জনপ্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে—এমন অভিমত উঠে এসেছে সরকারের বিভিন্ন পর্যায়ের আলোচনায়। সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী সুবিধাভোগী ও তাদের অনুসারীদের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন একজন প্রতিমন্ত্রী।
তিনি আমার দেশকে বলেন, একজন পুলিশ সুপার ও দুটি থানার ওসিকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতায় ইন্ধনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি। জনপ্রশাসনে এমন অনেক কর্মকর্তা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এগুলো নিয়ে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ শূন্য থাকার কারণে প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও উন্নয়ন কর্মসূচিগুলো মাঠ প্রশাসন পর্যন্ত সঠিক সময়ে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। প্রশাসনে ফাইল নিষ্পত্তি ও গতিশীলতা আনার উদ্যোগও হোঁচট খাচ্ছে বলে জানান তিনি।
একজন সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসন সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। আর আন্তঃমন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে থাকেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আমার দেশকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের অন্যতম প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীকে তার নীতিনির্ধারণী ও দাপ্তরিক কাজে সর্বোচ্চ সাচিবিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে সহায়তা করা। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর কাজের মধ্যে সমন্বয় রক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের নীতি ও সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করা; জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব না থাকার বিষয়টি জনপ্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, বিদেশি সরকার প্রধান বা উচ্চপদস্থ অতিথিদের আগমন, প্রটোকল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা সমন্বয়ের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এনজিও বিষয়ক ব্যুরো ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধান করে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার দায়িত্ব সচিবের। এ দায়িত্ব হয়তো এখন মুখ্যসচিব পালন করছেন। তারপরও কিছু ঘাটতি থেকে যায়। কারণ, সব নথি ও ফাইল প্রধানমন্ত্রীর পক্ষে পড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবই নথি ও ফাইলগুলো নিষ্পত্তির আগে আইন ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করে থাকেন। এ বিষয়গুলোতে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে বলেও জানান এ বিশেষজ্ঞ।
যা ভাবছে সরকার
গত ৯ মাস প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ শূন্য কেন এমন প্রশ্ন ছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারীর কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে দেখভাল করা হচ্ছে। সরকার উপযুক্ত সময়ে এ পদটি পূরণ করবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন