প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। চাঁদা না দিলেই ঘটছে গুলির ঘটনা। চাঁদাবাজদের হুমকিতে রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার ও হাজারীবাগ এলাকার অনেক ব্যবসায়ী চরম বিপাকে রয়েছেন। এসব এলাকায় চাঁদা না দিয়ে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। চাঁদা না দিলেই শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত সাত মাসে রাজধানীর বিভিন্ন এলাকার এক হাজার ২০০ চাঁদাবাজের একটি খসড়া তালিকা তৈরি করেছে। যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৫৪৫ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চাঁদাবাজ রয়েছে তেজগাঁও বিভাগে—১৫৫ জন। এরপর উত্তরা বিভাগে ৭২ জন, লালবাগে ৭১ জন, মিরপুরে ৬৬ জন, গুলশানে ৫৫ জন, রমনায় ৫০ জন, ওয়ারীতে ২৪ জন এবং মতিঝিলে ২২ জনের নাম রয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত ৭৫ জন একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। অন্যদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী ও পুলিশ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। সম্প্রতি রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদা দাবির একাধিক ঘটনায় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চাঁদাবাজি করছে। তারা প্রতিষ্ঠানভেদে এক লাখ থেকে ১০ লাখ টাকা, এমনকি এক কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। চাঁদা না দিলেই চালানো হচ্ছে হামলা। এ ছাড়া ভবন কেনাবেচা ও মালিকানা হস্তান্তরের সময় ক্রেতা-বিক্রেতাদের কাছেও চাঁদা দাবি করা হচ্ছে। ঠিকাদারদেরও চাঁদা দিতে হুমকি দেওয়া হচ্ছে। টাকা না দিলে ঠিকাদারি কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।
সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে একটি প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে গুলির ঘটনায় দুজন আহত হয়েছেন। ওই ঘটনায় রামপুরা-হাতিরঝিল এলাকার এক তালিকাভুক্ত সন্ত্রাসীর ক্যাডার বাহিনী জড়িত থাকতে পারে বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। মোবাইল ফোনে ওই প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। রামপুরার ওয়াপদা রোডে গুলির ঘটনার দুই দিন আগে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে হৃদরোগ হাসপাতালের বিপরীতে অবস্থিত অনুরাগ রেস্টুরেন্ট ও একটি ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছোড়ে। গত ৬ নভেম্বর একটি নম্বর থেকে ফোন করে ওই প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসিতে গুলি চালানোর হুমকিও দেওয়া হয়েছিল।
এর দুই দিন পরই চাঁদার দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। শীর্ষ এক সন্ত্রাসীর নামে চাঁদা না পেয়ে হামলাকারীরা ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। এমনকি তাদের কথা না শুনলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে সাম্প্রতিক সময়ে অন্তত ১২ বার হামলা চালানো হয়েছে। এসব হামলায় ছয়জন চালক আহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণখানে আশিয়ান সিটির অফিসেও ২০ থেকে ২৫ জনের একটি দল হামলা চালায়। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আড়াই মাসে রাজধানীতে চাঁদা দাবি ও দখল নিয়ে বিরোধের জেরে অন্তত ১২টি প্রতিষ্ঠান ও ভবনে হামলা, ভাঙচুর এবং গুলির ঘটনা সামনে এসেছে। এমনকি চাঁদার দাবিতে পণ্যবাহী গাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
সূত্র আরও জানায়, চাঁদার দাবিতে সম্প্রতি মোহাম্মদপুর বেড়িবাঁধে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের তিনটি গাড়ি থামিয়ে একযোগে হামলা চালানো হয়। একই দিন রাতে প্রতিষ্ঠানটির হাজারীবাগের ওয়্যারহাউসে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ৫ নভেম্বর মোহাম্মদপুর এলাকায় প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ১ অক্টোবর চাঁদা দাবিকে কেন্দ্র করে বাংলামটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে এক ওষুধ বিক্রেতাকে গুলি করার চেষ্টা করা হয়। পরে তাঁকে মারধর করা হয়। ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং, আদাবরের শেখেরটেক এবং ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ২৪ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাঁদাবাজির অভিযোগগুলো তদন্ত করে দেখছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের অপরাধ পর্যালোচনা সভায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলীয় পরিচয় বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ বিষয়ে সারা দেশের পুলিশ সদস্যদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, চিহ্নিত চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপিসহ অন্যান্য মহানগর এলাকায় যারা চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন