প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় কোস্ট গার্ড এবং পুলিশ যৌথ অভিযানে ৭ জন জলদস্যুকে আটক করেছে। এ অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটের পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকার লুট হওয়া মালামালও।
কোস্ট গার্ডের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই ২০২৬ সালের বিকেল ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূলীয় এলাকায় জলদস্যুদের কবলে পড়ে একটি ফিশিং বোট। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে কোস্ট গার্ড এই তথ্য জানতে পারে এবং ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমকে জোরদার করে।
এর পর ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং সন্দ্বীপ থানা পুলিশের যৌথ উদ্যোগে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত ৭ জন জলদস্যুকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। অভিযান চলাকালীন জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক জলদস্যুদের বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যুতা দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন