প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে একটি নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে ভারত ও নেপাল। দেশের অনেক অঞ্চলে কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি, যা পাহাড়ি ভূখণ্ড ও অবকাঠামো নির্মাণের উচ্চ ব্যয়ের কারণে হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য ভারতের স্যাটেলাইট ব্যবহার করে নেপালজুড়ে নতুন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
গত ২৩ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নয়াদিল্লি সফরের সময় উভয় দেশ এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। ভারতের ‘জিস্যাট-৯’ বা ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ ব্যবহার করে এই নেটওয়ার্ক তৈরি করা হবে।
সমঝোতার আওতায়, নেপালে একটি কেন্দ্রীয় গ্রাউন্ড স্টেশন এবং ৩০০টি ইউজার টার্মিনাল স্থাপন করা হবে। ভারত বিনা মূল্যে ৩৬ মেগাহার্টজ স্যাটেলাইট ব্যান্ডউইথ সরবরাহ করবে। প্রকল্পটির বাস্তবায়নে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত এলাকার টার্মিনালগুলো সরাসরি তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে। এর ফলে এসব এলাকায় ব্যয়বহুল মোবাইল টাওয়ার ও কেব্লনির্ভর অবকাঠামোর প্রয়োজন কমে যাবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন সাধন করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া।
স্বাস্থ্যকেন্দ্রগুলো স্যাটেলাইট সংযোগের মাধ্যমে বড় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারবে। একইভাবে, ডিজিটাল অবকাঠামো সীমিত বিদ্যালয়গুলো অনলাইন শিক্ষাসামগ্রী ও দূরবর্তী পাঠদানের সুবিধা লাভ করবে। দুর্যোগ মোকাবিলায়ও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেপালে ভূমিকম্প, ভূমিধস ও বন্যার কারণে অনেক সময় রাস্তাঘাট ও প্রচলিত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে কর্তৃপক্ষ জরুরি তথ্য আদান-প্রদান এবং উদ্ধার তৎপরতা সমন্বয় করতে সক্ষম হবে।
এই প্রকল্পের বিশেষ দিক হলো, নতুন কোনো স্যাটেলাইট তৈরি বা উৎক্ষেপণের প্রয়োজন নেই। ২০১৭ সালের মে মাসে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর উৎক্ষেপণ করা ‘জিস্যাট-৯’-এর সক্ষমতা ব্যবহার করবে নেপাল। শুধুমাত্র প্রয়োজনীয় স্থল অবকাঠামো তৈরি করেই দেশটি এই সুবিধা গ্রহণ করতে পারবে। এতে নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তোলার বড় ব্যয়ও এড়ানো সম্ভব হবে।
জিস্যাট-৯ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি একটি আঞ্চলিক যোগাযোগ উপগ্রহ। ২০১৭ সালের ৫ মে ভারতের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ০৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়। ২০১৪ সালের সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপগ্রহ তৈরির প্রস্তাব দেন। শুরুতে এর নাম ছিল ‘সার্ক স্যাটেলাইট’। তবে পাকিস্তান এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালে পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’।
আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ভারত উপগ্রহটির সম্পূর্ণ নির্মাণ ও উৎক্ষেপণ ব্যয় বহন করে। এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিবেশী দেশগুলো বিনা মূল্যে স্যাটেলাইটের যোগাযোগ সুবিধা ব্যবহারের সুযোগ পায়।
জিস্যাট-৯ ভূ-স্থির কক্ষপথে অবস্থান করছে। এতে রয়েছে কু-ব্যান্ড যোগাযোগ ট্রান্সপন্ডার, যা টেলিভিশন সম্প্রচারসহ বিভিন্ন যোগাযোগসেবা দিতে সক্ষম। উৎক্ষেপণের সময় উপগ্রহটির ওজন ছিল প্রায় ২ হাজার ২৩০ কেজি। এর সৌর প্যানেল থেকে প্রায় ৩ হাজার ৫০০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। উপগ্রহটির প্রাথমিকভাবে নির্ধারিত কার্যকাল ছিল ১২ বছর।
জিস্যাট-৯ এর সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। তবে পাকিস্তান এই উদ্যোগে অংশ নেয়নি। উপগ্রহটির মূল লক্ষ্য ছিল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দূরশিক্ষণ, স্বাস্থ্যসেবা, দুর্যোগসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলে যোগাযোগের সুযোগ তৈরি করা।
এর মূল ধারণা ছিল, ভারতের মহাকাশ প্রযুক্তিকে আঞ্চলিক সম্পদ হিসেবে প্রতিবেশী দেশগুলোর ব্যবহারের জন্য উন্মুক্ত করা। এতে প্রতিটি দেশকে আলাদাভাবে একই ধরনের স্যাটেলাইট অবকাঠামো তৈরি করতে হবে না।
নেপালের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে কেন্দ্রীয় স্টেশন ও ৩০০টি টার্মিনাল নিয়ে গঠিত বিশেষ নেটওয়ার্কের সাহায্যে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে। স্যাটেলাইট যোগাযোগের এই চুক্তি ভারত ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বৃহত্তর উদ্যোগেরও অংশ। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সফরের সময় দুই দেশ ‘বিকশিত ভারত ও সমুন্নত নেপাল’ শিরোনামে একটি যৌথ রূপকল্প নথি প্রকাশ করে।
১০টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি এই নথিতে যোগাযোগ, জ্বালানি, পানিসম্পদ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ প্রস্তুতি, ডিজিটাল সেবা, খেলাধুলা, স্টার্টআপ ও প্রযুক্তিগত উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নথিটিকে একটি দূরদর্শী পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এটি দুই দেশের মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের আশা পূরণে সহায়ক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন