ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ভেজাল ওষুধ ও অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বৃদ্ধির পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী


ভেজাল ওষুধ ও অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বৃদ্ধির পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

ভেজাল ওষুধ ও অপচিকিৎসা ঠেকাতে সারা দেশে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘অবৈধ ও অপরিকল্পিত ক্লিনিকগুলোতে মোবাইল টিমের মাধ্যমে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে, যাতে অপচিকিৎসা ও রোগী হয়রানি বন্ধ করা সম্ভব হয়। একই সঙ্গে ডিসপেনসারিতে ভেজাল ওষুধ বিক্রি রোধে সরকার কঠোর ব্যবস্থা নিতে চলেছে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথাগুলো বলেন।

আরও পড়ুন: ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বৃদ্ধি

দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাসমূহের সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিসিদের কাছে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে।

ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে জোর দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই অধিক গুরুত্বপূর্ণ।

এছাড়া, জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের চিকিৎসায় অ্যান্টিভেনমের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্রায় ৮১ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে এবং দ্রুত শতভাগ কভারেজ নিশ্চিত করা হবে। বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও অনেক কমেছে।’

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ জনের

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রতিটি কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার সদস্য দেওয়া হবে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।’

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর স্বাস্থ্য উদ্যোগ দেখতে মাঠে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


নারীর স্বাস্থ্য উদ্যোগ দেখতে মাঠে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদল

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নারীর বয়ঃসন্ধি ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন ‘ইয়ুথ প্ল্যানেট’-এর কার্যক্রম পরিদর্শন করেছে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদল।

রবিবার (২ মে) সকালে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডেরিক ইনজা এবং পলিটিক্যাল ও কো-অপারেশন অ্যাটাশে এমিলি পালাহুয়ান নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে ফিল্ড ভিজিট করেন।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে ফ্রান্স দূতাবাসের সঙ্গে অংশীদারিত্বে ‘ইয়ুথ প্ল্যানেট’ এলাকায় বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে পূর্ব দরিল্লা গ্রামে  কর্মসূচির মাধ্যমে কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য ও মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে প্রায় ৭০০ নারী ও কিশোরী এই কর্মসূচির আওতায় এসেছে।

এ ছাড়া, দূতাবাসের অর্থায়নে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ৪০০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শিক্ষকদের ট্রেনার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফিল্ড ভিজিটে প্রায় ২৫০ জন নারী, কিশোরী ও পুরুষ অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদল স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। পরে তারা পূর্ব দরিল্লা বাজারে ইয়ুথ প্ল্যানেটের স্থানীয় অফিস পরিদর্শন করেন এবং এক নারী সমাবেশে অংশ নেন, যেখানে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দরিল্লা গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়, আজিজুন্নেসা বালিকা বিদ্যালয়, পূর্ব দরিল্লা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা এবং উলুহাটি-শিমুলতলী বেসরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ফ্রেডেরিক ইনজা বলেন, ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে এই অংশীদারি ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

সংগঠনটির নির্বাহী পরিচালক এ বি এম মাহমুদুল হাসান বলেন, ‘ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের এই আগমন স্থানীয় কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের। আজকের দিনটি শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের কিশোরী ও নারীদের জন্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

স্থানীয় প্রতিনিধি ঈশা তাজমিন বলেন, ‘গ্রামীণ নারীদের জন্য একটি কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হলে তারা সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।’

প্রসঙ্গত, ইয়ুথ প্ল্যানেট একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান, যা যুব উন্নয়ন, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাসিক স্বাস্থ্যসুরক্ষা ও নারীর অধিকার নিয়ে কাজ করছে। প্রকল্পগুলোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্যানিটারি পণ্য ব্যবহারে উৎসাহ এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানের শেষে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে অতিথিদের হাতে তৈরি স্মারক উপহার প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে শ্রমিক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মাদারীপুরে শ্রমিক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

জেলার শিবচর উপজেলায় আজ মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

আজ রোববার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে নেতাকর্মীরা সড়কের দুইপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির হাওলাদার, সাবেক সভাপতি সোরহাব বেপারী সহ শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, এ উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আজ তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের যে সকল সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও কলাকুশলী সাহসী ও বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করছেন, তাদের তিনি প্রশংসা করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণে ও রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, যা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা দেশের স্বার্থ সমুন্নত রেখে তাদের লেখনী চালিয়ে যাবেন।

বার্তায় তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে মূলধারার সমন্বয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে মূলধারার সমন্বয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কওমি মাদরাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে জাতীয় মূলধারার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক প্রস্তাব পাওয়া গেছে।’ তিনি আরো জানান, কওমি শিক্ষার বিভিন্ন স্তরকে সাধারণ শিক্ষার সঙ্গে সমমান নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোন স্তরটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি পর্যায়ের সমতুল্য হবে, তা নির্ধারণে আলোচনা চলছে। মন্ত্রী আরো বলেন, কওমি মাদরাসার শিক্ষা কাঠামোকে আরো যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। একই সঙ্গে কারিগরি ও আধুনিক শিক্ষার কিছু উপাদান সংযোজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার চায় না কোনো শিক্ষাব্যবস্থা আলাদা বা বিচ্ছিন্ন থাকুক। বরং সব ধারার শিক্ষাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা হবে।’ তিনি আরো বলেন, মাঠ পর্যায় থেকে উঠে আসা সমস্যাগুলো সরাসরি শুনে সরকার নীতিনির্ধারণ করছে। জেলা প্রশাসকদের দেওয়া প্রস্তাবগুলোকে তিনি ‘ব্রিলিয়ান্ট’ আখ্যা দিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের পরীক্ষার ভোগান্তি কমাতে প্রতি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা খাতে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে বাজেট কোনো বাধা নয় বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষামন্ত্রী আরো জানান, দেশে শিগগিরই প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের মানোন্নয়নে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা জোরদার করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা হেডমাস্টার নিয়োগ জটও দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় জিপিএকেন্দ্রিক প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য কাজ করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ জয় নেওয়া হয়েছে। এ ছাড়া স্কুলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ বিভিন্ন উদ্যোগ গুরুত্ব পাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%