প্রিন্ট এর তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:০৭ পি.এম
লক্ষ্মীপুরে ওয়াক্ফকৃত মসজিদের নামকরণ নিয়ে দুই বাড়ির বিরোধ, নারীসহ আহত ২
লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী বাঞ্চানগর এলাকায় গণকবরসংলগ্ন একটি ওয়াক্ফকৃত জামে মসজিদের নামকরণ নিয়ে দুই বাড়ির মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে চাপরাশী বাড়ির দুই নারী রুবি ও হোসনেয়ারা বেগম আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ী বাঞ্চানগর গ্রামের জালাল আহমেদ চাপরাশী বাড়ি ও দফাদার বাড়ির সংলগ্ন জামে মসজিদটির নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মসজিদ প্রতিষ্ঠাকালে জালাল আহমেদ চাপরাশী ২৫৭৬ ও ২৫৭৭ নম্বর দলিলসহ বিভিন্ন দলিলের মাধ্যমে মোট ১০৩ শতাংশ সম্পত্তি ওয়াক্ফ করে দেন বলে দাবি সংশ্লিষ্ট পরিবারের।
তবে ওয়াক্ফকৃত সম্পত্তিতে প্রতিষ্ঠিত মসজিদটির নাম জালাল আহমেদ চাপরাশীর নামে না দিয়ে ‘দফাদার বাড়ি জামে মসজিদ’ করার উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে চাপরাশী বাড়ির ওয়ারিশরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ উঠেছে, একপর্যায়ে দফাদার বাড়ির রাজন, মাছুম, হিরণ, শরীফসহ কয়েকজন চাপরাশী বাড়ির রুবি ও হোসনেয়ারা বেগমকে মারধর করেন। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে দফাদার বাড়ির রাজন বলেন, ‘আমি কাউকে মারিনি। মহিলারা মহিলারা মারামারি করেছে।’
অন্যদিকে শফিকুর রহমান বলেন, ‘এসব ঘটনার নাটের গুরু জোবায়ের। সে পেছন থেকে সব কলকাঠি নাড়ে। তারা টাইলস ভেঙে মহিলাদের ওপর দোষ চাপায়। আমরা চাই, ওয়াক্ফকৃত মসজিদটির নাম হোক দফাদার বাড়ি জালাল আহমেদ স্টেট জামে মসজিদ।’
মসজিদের নামকরণ ও মালিকানা-সংশ্লিষ্ট দাবি নিয়ে দুই পরিবারের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাও অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"