প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিছু কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে, সময়ের সীমানা পেরিয়ে। কিছু সুর মানুষের আবেগ, স্মৃতি এবং ভালোবাসায় মিশে যায়। বারী সিদ্দিকী ছিলেন এমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। আজ তার প্রয়াণের নয় বছর পূর্ণ হলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ এবং ‘শুয়া চান পাখি’—এমন অসংখ্য হৃদয়স্পর্শী গান উপহার দিয়ে বাংলা গানের জগতে বারী সিদ্দিকী স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। জলছলছল হাওর এবং লিলুয়া বাতাসের সেই সুর আজও শ্রোতাদের আবেগে নাড়া দেয়।
শৈশব থেকেই সংগীতের প্রতি ভালোবাসা
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি জেলা সদরের কারলিতে ‘বাউল বাড়ি’ প্রতিষ্ঠা করেন। তার বাবা মহরম আলী এবং মা প্রয়াত জহুর-উন-নিসা। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
শৈশব থেকেই সংগীতের প্রতি বারীর ভালোবাসা শুরু হয়। যখন তার বয়স তিন-চার বছর, তখন মায়ের কণ্ঠে প্রথম শোনা ‘শাশুড়িরেও কইয়ো গিয়া’ গানটি তার মনে গভীরভাবে দাগ কাটে। যদিও পরিবারে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতচর্চার পরিবেশ ছিল না, তবে সৌখিনভাবে গানবাজনার চর্চা চলত। পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিতে গিয়ে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ জন্মায় তার।
বড় ভাইদের অনুকরণ করে ছোটবেলায় বাঁশি বাজানোর চেষ্টা করতেন বারী। বাঁশি ও গান শেখার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মা। নেত্রকোনায় বাঁশি শেখার তেমন সুযোগ ছিল না। তবে সাত-আট বছর বয়সে মায়ের কাছেই গান শেখা শুরু করেন তিনি।
মায়ের কাছ থেকে শেখা একটি গানের সুর পরবর্তী সময়ে তার সংগীতজীবনে বিশেষ স্থান করে নেয়। সেই সুরটি ব্যবহার করেছিলেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে। শ্যাম বিচ্ছেদের সেই সুরের কথাগুলো ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।
হাইস্কুলে পড়ার সময় থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম নিতে শুরু করেন বারী সিদ্দিকী। তার ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ এবং হযরত আলীর কাছ থেকেও সংগীতে সহযোগিতা পেয়েছেন। সেই সময় থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
বাঁশির সুরে দেশ-বিদেশে পরিচিতি
১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের একটি অনুষ্ঠানে ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে পরিচয় ঘটে। পেশায় পাইলট আমিনুর রহমান ছিলেন ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য। তার বাড়িতে থেকেই দিনের পর দিন বাঁশির তালিম নেন বারী। সেখানে তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী এবং ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সান্নিধ্য লাভ করেন।
বাঁশি শেখার জন্য ভারতের পুনেতেও গিয়েছিলেন তিনি। সেখানে পণ্ডিত বিজি কারনাডের কাছে তালিম নেন। সংগীতচর্চার ধারাবাহিকতায় একসময় শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ সম্মিলিত একটি যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর সরকারি সহযোগিতায় দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে বাঁশি বাজানোর সুযোগ পান।
ধীরে ধীরে বংশীবাদক হিসেবে পরিচিতি বাড়তে থাকে বারী সিদ্দিকীর। উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আয়োজনে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এটি ছিল একটি উল্লেখযোগ্য অর্জন।
পেশাগতভাবে ১৯৮০ সালে বাঁশি বাজানো শুরু করেন বারী। ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার আগে প্রায় দুই দশক বংশীবাদক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ায় দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে আসে। তখন কণ্ঠশিল্পী হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন।
হুমায়ূন আহমেদের হাত ধরে গায়ক হিসেবে বারী সিদ্দিকীর উত্থান ঘটে। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর তার জীবনের মোড় ঘুরে যায়। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় বাঁশি বাজাতে গিয়েছিলেন বারী। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও পরিবেশন করেন। হুমায়ূন আহমেদ তার গান শুনে মুগ্ধ হন এবং আরও গান গাইতে উৎসাহ দেন।
১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এর পরপরই হুমায়ূন আহমেদ তাকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই চলচ্চিত্রের গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি।
চলচ্চিত্রের গানে সাফল্যের পর বাজারে আসে তার দুটি একক অ্যালবাম—‘দুঃখ রইলো মনে’ এবং ‘অপরাধী হইলেও আমি তোর’। দুটি অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশেষ করে উকিল মুন্সীর লেখা গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে বারী দারুণ উচ্ছ্বসিত ছিলেন।
এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘হুমায়ূন স্যার আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।’
গায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেলেও বারী সিদ্দিকী বরাবরই বংশীবাদক পরিচয়টিকে প্রাধান্য দিতেন। বাঁশির প্রতি তার ভালোবাসা ছিল আমৃত্যু।
অভিনয়েও দেখা গেছে তাকে
সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে বারী সিদ্দিকীকে। ‘মাটির পিঞ্জিরা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকেও অভিনয় করেন। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেননি। মূলত অনুরোধে এবং শখের বশেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শিল্পী।
সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়। কিন্তু কিছু কণ্ঠ, কিছু সুর চিরকাল থেকে যায়। বারী সিদ্দিকী তেমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান এবং বাঁশির মায়াবী সুরে তিনি যে ভালোবাসার জায়গা তৈরি করে গেছেন, নয় বছর পরও তা অমলিন। তার নশ্বর দেহ না থাকলেও গানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন এই শিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন