প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কাঁচাবাজারে কিছু কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজির দাম রয়েছে স্থিতিশীল। তবে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে। স্বস্তি ফিরেছে ডিমের বাজারেও। অন্যদিকে মুরগি ও মাছের দামেও বড় কোনো পরিবর্তন নেই।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় ৩০ টাকা। এছাড়া ঢ্যাঁড়শ ৬০ টাকা, কচু ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আনিস মিয়া বলেন, কাঁচামরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। তাই গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। তবে অন্যান্য সবজির সরবরাহ ও চাহিদা মোটামুটি স্বাভাবিক থাকায় সেগুলোর দামে বড় কোনো পরিবর্তন নেই।
বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে বেগুন ও করলার মতো কিছু সবজির দাম এখনো বেশি। বাজারের সব পণ্যের দাম কমলে সাধারণ মানুষের জন্য সুবিধা হতো।
আরেক ক্রেতা উজ্জ্বল বলেন, সবজির দাম খুব একটা বাড়েনি, এটাও স্বস্তির বিষয়। তবে সংসারের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে বাজার করতে গেলে এখনো হিসাব করে কিনতে হচ্ছে।
এদিকে মুরগির বাজারে কোনো পরিবর্তন নেই। প্রতিকেজি ব্রয়লার বা পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৪০ টাকা এবং লেয়ার মুরগি ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতা সোলায়মান বলেন, বাজারে সরবরাহ মোটামুটি স্বাভাবিক আছে। তাই মুরগির দামও গত সপ্তাহের মতোই রয়েছে।
ডিমের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা কমেছে দাম। বর্তমানে সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং লাল ডিম ১৪০ টাকা ডজন। ডিম বিক্রেতা বলেন, সরবরাহ বাড়ায় ডিমের দাম কিছুটা কমেছে। সামনে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম স্থিতিশীল থাকতে পারে।
মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি চাষের পাঙাস বিক্রি হচ্ছে ২২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, চাষের কৈ ২০০ টাকা, চাষের শিং ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং রুই ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে। মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ ও চাহিদা প্রায় স্বাভাবিক থাকায় দামেও বড় কোনো পরিবর্তন হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন