প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় ওই উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এসময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আছেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করেন। যখন মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছায়, তখন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল বহরে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক।
এই হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন এবং ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মিছিলে উপস্থিত উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাশপাড়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন কয়েকদিন থেকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে তাঁর নির্দেশে এই হামলা হয়।
ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন