প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন নিয়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম। একই ঘটনায় পরবর্তীতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাইমুন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাইমুন ইসলাম এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে তাঁর নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত সমস্যার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নজরে আনার উদ্দেশ্যেই তিনি ভিডিও ধারণ করছিলেন বলে জানান।
এ সময় প্রতিবেশী হিরা আক্তার ও তাঁর মা ভিডিও ধারণে বাধা দেন বলে অভিযোগ করেন সাইমুন। একপর্যায়ে হিরা আক্তার তাঁর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন তিনি।
সাইমুনের দাবি, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে নিরাপত্তা ও আইনগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ঘটনাসংশ্লিষ্ট একটি মেডিকেল স্লিপ সংগ্রহ করা হয় এবং তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাঁর দাবি, ওই অভিযোগে ঘটনার প্রকৃত তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
সাইমুন বলেন, তাঁদের পরিবারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিষয়ে অভিযোগ ও অপপ্রচার করা হয়েছে। এসব ঘটনায় তাঁর পরিবার উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
তিনি জানান, প্রতিবেশী পরিবারের সদস্যরা সড়ক ও জনপথ অধিদপ্তরের আবাসিক এলাকায় বসবাস করেন এবং তাঁদের একজন সদস্য সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত। তবে এ পরিচয়ের কারণে কোনো বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সাইমুন। এর মধ্যে রয়েছে—ঘটনার নিরপেক্ষ তদন্ত, মোবাইল ফোন নিয়ে নেওয়া ও হুমকির অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান।
তিনি বলেন, “আমরা কোনো সংঘাত বা প্রতিশোধ চাই না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন