প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিরা দিয়েছেন। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ড আগামী চার কার্যদিবসের মধ্যে পোশাকশিল্প মালিকদের তাদের প্রস্তাবিত বেতন কাঠামোর লিখিত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য প্রকাশ করেন।
আজাদ সুবহানী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে জানুয়ারি ২০২৭-এর বেতনের সঙ্গে তা সংযুক্ত করা যায়। সে অনুযায়ী আজকের সভায় শ্রমিক ও মালিক—উভয় পক্ষের লিখিত প্রস্তাব দাখিল করার কথা ছিল। তবে শ্রমিক প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিলেও শিল্পাঞ্চলের বিদ্যমান পরিস্থিতির কারণে মালিকপক্ষ সুপারিশ তৈরিতে অতিরিক্ত সাত দিনের সময় আবেদন করে। সার্বিক দিক বিবেচনায় বোর্ড মালিকপক্ষকে লিখিত প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময় নির্ধারণ করেছে। আগামী সভার মধ্যে মালিকপক্ষ লিখিত প্রস্তাব দাখিল করতে ব্যর্থ হলে বোর্ড নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া নিম্নতম মজুরি বোর্ড একাধিক পোশাক কারখানা সরাসরি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার তাদের প্রস্তাবিত কাঠামো বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, চার সদস্যের পরিবারের পুষ্টি, চিকিৎসা, আবাসন ও শিক্ষা ব্যয় বিবেচনায় সাধারণ জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন হলেও শিল্পের সক্ষমতার কথা ভেবে চার নম্বর গ্রেডে (সর্বনিম্ন) ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে। অন্যান্য পদমর্যাদায় তিন নম্বর গ্রেডে ৩৮ হাজার, দুই নম্বরে ৪৩ হাজার এবং এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা দাবি করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিসদের জন্য ৩০ হাজার টাকা এবং অফিস কর্মচারীদের ক্ষেত্রে তফসিল-খ অনুযায়ী সর্বকনিষ্ঠ পদের জন্য ৪০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পদের জন্য ৫৫ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার কারণে মালিকদের কারখানায় বেশি মনোযোগ দিতে হচ্ছে। এ কারণে পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরিতে কিছুটা বিলম্ব হচ্ছে। বোর্ডের বেঁধে দেওয়া চার কর্মদিবসের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে নিজস্ব প্রস্তাব জমা দেবেন বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভার ধারাবাহিকতায় আজ এ দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন