প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. বেলাল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী গিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও অভিযুক্তরা ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে মো. হাসান, মো. নূর ওরফে মোকাদ্দেস, মো. মোতালেবসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে বেলাল হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করেন এবং বেলাল ও তাঁর স্ত্রী লাবনী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে আরও বলা হয়, প্রতিবাদ করায় লাবনী বেগমকে টেনেহিঁচড়ে পাশের একটি বাড়ির আঙিনায় নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। স্ত্রীকে রক্ষা করতে গেলে বেলাল হোসেনকেও মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে লাবনী বেগমের মাথার বাম পাশে গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
এ সময় লাবনী বেগমের গলা থেকে ৮ আনা ওজনের, আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় সিরাজুল ইসলাম, দারোগ আলী ও ফরহাদ কমান্ডারসহ কয়েকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, লাবনী বেগম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন