প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ১৯ আগস্ট কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে বিধ্বংসী আগুনের কারণে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর নিউ মার্কেট এবং সংলগ্ন বাণিজ্যিক অঞ্চলে এর প্রভাব পড়েছে। অগ্নিকাণ্ডের ফলে এলাকার হোটেল, লজ ও গেস্ট হাউসগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি পর্যটক ও ক্রেতাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
রোববার টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগস্টের প্রথমার্ধের তুলনায় বর্তমানে নিউ মার্কেট ও আশেপাশের প্রায় ৫,০০০ পোশাক, প্রসাধনসামগ্রী, লাগেজ, ড্রাই ফ্রুটস এবং চকোলেটের দোকান সম্মিলিতভাবে দৈনিক প্রায় ১ কোটি রুপি লোকসান গুণছে।
চলতি বছরের জুন মাসের শেষে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করার পর এই দোকানগুলোতে বিক্রির পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং তার পরপরই হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত সেই পুনরুদ্ধারের আশা নষ্ট করে দিয়েছে।
গত দুই দশকেরও বেশি সময় ধরে নিউ মার্কেট, হুমায়ুন প্লেস, বার্টরাম স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিটের দোকানগুলো প্রধানত বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভর করে টিকে ছিল। মোট ক্রেতার অর্ধেকেরও বেশি এবং বিক্রয়ের প্রায় ৬০ শতাংশই বাংলাদেশ থেকে আসত।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের আগে নিউ মার্কেটের 'বি' ব্লকে পোশাক সামগ্রী বিক্রির দোকান 'আম্রপালী'র প্রায় ৬০ শতাংশ গ্রাহক বাংলাদেশি ছিলেন।
'আম্রপালী'র স্বত্বাধিকারী মনোজ আদওয়ানি বলেন, “দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর যখন পুনরায় পর্যটন ভিসা দেওয়া শুরু হলো, তখন ক্রেতারা আস্তে আস্তে ফিরতে শুরু করেছিলেন। কয়েক সপ্তাহ আগে আমাদের মোট ক্রেতার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বাংলাদেশি ছিলেন। কিন্তু বাধ্য হয়ে হোটেলগুলো বন্ধ করে দেওয়ায় বাংলাদেশিরা অন্য এলাকায় চলে গেছেন, অথবা দেশে ফিরে গেছেন। এখন আমাদের দোকানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা ৫ শতাংশেও নিচে নেমে এসেছে।”
'মানসা শাড়ী'র তরুণ ইসরানি জানান, তার দোকানের মোট ব্যবসার প্রায় ৭০ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের কাছ থেকে আসত। “আমরা মূলত তাদের পছন্দের ওপর ভিত্তি করেই শাড়ির স্টক রাখতাম। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার পদত্যাগের পর তা নেমে এসেছিল ১৫ শতাংশে। ভিসা চালু হওয়ার পর বিক্রি আবার কিছুটা বেড়ে ২৫ শতাংশে পৌঁছেছিল। কিন্তু অগ্নিকাণ্ড ও হোটেল বন্ধের পর এক সপ্তাহ আগে তা নেমে আসে ১০ শতাংশে, আর এখন তা দ্রুত শূন্যের দিকে যাচ্ছে।”
একইভাবে সালোয়ার স্যুট বিক্রেতা 'ফ্যান্সি বুটিক'-এর মালিক অমিত সাহা জানান, মন্দা শুরুর আগে তার দোকানের প্রায় ৮০ শতাংশ ক্রেতাই বাংলাদেশি ছিলেন। ধাক্কা সামলে ভিসা চালুর পর তা ১৫ শতাংশে উঠলেও এখন তা প্রায় শূন্যে এসে ঠেকেছে।
নিউ মার্কেটের ২,৭০০টি দোকানের মধ্যে প্রায় ১,৫০০টি দোকানে বাংলাদেশি গ্রাহকদের যাতায়াত সবচেয়ে বেশি—বিশেষ করে পোশাক, প্রসাধন সামগ্রী, ভ্রমণের ব্যাগ, চকোলেট, ড্রাই ফ্রুটস এবং মশলার দোকানে। এছাড়া লিন্ডসে স্ট্রিট, হুমায়ুন প্লেস, ফ্রি স্কুল স্ট্রিট এবং মারকুইস স্ট্রিটের প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০টি দোকানও মূলত বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
'এস এস হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন'-এর সাধারণ সম্পাদক উদয় কুমার সাহু বলেন, “২০২৪ সালের জুনে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আগে এই অঞ্চলের একটি দোকানে দৈনিক গড় বিক্রি ছিল প্রায় ১৫,০০০ রুপি। এখানকার ৫,০০০ থেকে ৫,৫০০টি দোকানে প্রতিদিন মোট ব্যবসা হতো প্রায় ৮ কোটি রুপি। এর মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ ব্যবসাই দিতেন বাংলাদেশিরা, যার পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৪.৮ কোটি রুপি।”
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে এখানকার গড় দৈনিক বিক্রি কমে দাঁড়ায় প্রায় ৬,০০০ রুপি। ফলে গোটা এলাকার দৈনিক লেনদেন ৮ কোটি রুপি থেকে কমে মাত্র ৩ কোটি রুপিতে নেমে আসে। জুন মাসের শেষে ভারতীয় ভিসা দেওয়া শুরু হলে দৈনিক গড় বিক্রি বেড়ে ৮,০০০ রুপি দাঁড়ায় এবং প্রতিদিনের ১ কোটি রুপি আয়ের প্রায় ২০ শতাংশই আসছিল বাংলাদেশিদের কাছ থেকে।
ব্যবসায়ীরা জানান, বর্তমান পরিস্থিতিতে বিক্রি আবার আগের মতো দৈনিক ৬,০০০ রুপি নেমে এসেছে এবং বাংলাদেশি ক্রেতাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বললেই চলে।
উদয় কুমার সাহু আরও জানান, “যারা কেনাকাটা করতে এসেছিলেন তারা সবাই দেশে ফিরে গেছেন। আর যারা চিকিৎসার কাজে এসেছিলেন এবং হাসপাতালে যাওয়ার ফাঁকে ফাঁকে কেনাকাটা করতেন, তারা মুকুন্দপুর ও সল্টলেকের দিকে চলে গেছেন। কেনাকাটা করার জন্য অত দূর থেকে কষ্ট করে তারা আর এই অঞ্চলে আসবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন