প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা শহরের তিনটি হোটেলকে পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুক।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের কারণে এই অভিযান পরিচালিত হয়েছে।
জরিমানাপ্রাপ্ত হোটেলগুলো হলো, লক্ষ্মীপুর সদরের রাজমহল হোটেল, নূর জাহান হোটেল এবং মোহাম্মদীয়া হোটেল।
রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা, নূর জাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালত, লক্ষ্মীপুর পরিচালিত সামারি ট্রায়ালে এই জরিমানা কার্যকর করা হয়।
লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মুদু চক্রবর্তী এই বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এছাড়া পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর সামারি ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানের সময় হোটেল ও রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন