প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। ভারতীয় মিডিয়া এই অপপ্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারা দাবি করছে, চীন থেকে জাহাজটি ‘বিস্ফোরক দ্রব্য’ নিয়ে বাংলাদেশে আসছে। তবে, এখনো পর্যন্ত ওই জাহাজের বাংলাদেশের কোনো বন্দরে আসার শিডিউল নেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছেও মঙ্গলবার পর্যন্ত ওই জাহাজের বিষয়ে কোনো তথ্য আসেনি। দুই বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যাচ্ছে, জাহাজটি গত ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ানোর শিডিউল ছিল। তবে ওই বন্দরে জাহাজটি ভেড়ানোর জন্য কোনো শিডিউল দেওয়া হয়নি। তার একদিন আগে, ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান সমুদ্রসীমায় টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়া এবং রেডিও কলে সাড়া না দেওয়ায় নৌবাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে তা জব্দ করে। ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন নথিপত্র স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছাড়ার পর প্রায় ১৭ দিনের পথ পাড়ি দিতে জাহাজটির অস্বাভাবিক সময় নেওয়া এবং যাত্রাপথে স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা প্রাপকের কাছে এই চালানটি যাচ্ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অথচ ওই জাহাজকে ঘিরে ভারতীয় মিডিয়া বাংলাদেশবিরোধী নানা অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেট রয়েছে, যা বিস্ফোরক। যদিও বাংলাদেশে তা পোশাকশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা হয়।
এদিকে, জাহাজটি নিয়ে সংশ্লিষ্ট মহলে রহস্য সৃষ্টি হয়েছে। বেলাওয়ানের সমুদ্রপথ প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। সাধারণ পণ্যবাহী জাহাজের এই পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ১৭ দিন। অথচ ৪০৫ টন রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’ ও বিপুল সিম কার্ড নিয়ে এমভি স্টার লাইন সময় নিয়েছে পুরো ৫৫ দিন। গত ১২ সেপ্টেম্বর চীন থেকে যাত্রা শুরু করে কমোরোসের পতাকাবাহী এই জাহাজটি। ৬ নভেম্বর পৌঁছায় উত্তর সুমাত্রার বেলাওয়ানে। পরদিন এটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। প্রায় দুই মাসের এই দীর্ঘ যাত্রা, ঘোষিত গন্তব্য ও আসলে কোথায় যাচ্ছিল তা জন্ম দিয়েছে কৌতূহল। উঠেছে অনেক প্রশ্ন।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেল ফাইন্ডার ও ম্যাজিকপোর্টের তথ্য বলছে, জাহাজটির এআইএস ট্রান্সপন্ডারে অফিসিয়াল গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বরের সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামনে আসে।
তবে, জাহাজটি সরাসরি আসছিল, নাকি মাঝপথে অন্য কোনো দেশে পণ্য সরানোর পরিকল্পনা ছিল—তা এখনো স্পষ্ট নয়। কারণ, মোংলা বন্দরে এই জাহাজের কোনো আগাম ঘোষণা নেই। চট্টগ্রাম বন্দরেও এই জাহাজ আসার আগাম ঘোষণা মেলেনি। ওপেন ওয়াটার্স এআইএসের পুরোনো রেকর্ডে জাহাজ আসার তারিখে অসংগতি মিলেছে। অক্টোবরের শুরুতে জাহাজটির ট্রান্সপন্ডারে মোংলা বন্দরে পৌঁছানোর তারিখ (ইটিএ) ছিল ১৬ অক্টোবর। পরে তা তিন সপ্তাহ পিছিয়ে ৮ নভেম্বর করা হয়। এই তিন সপ্তাহ দেরির কারণ এখনো অজানা। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা ও ৪.২ মিটার ড্রাফটের এই জেনারেল কার্গো জাহাজ মোংলা চ্যানেলে ঢুকতে সক্ষম। তবে শিপিং বিশ্লেষকদের মতে, চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথে সরাসরি ছোট বাল্ক বা জেনারেল কার্গো জাহাজে কনটেইনারভর্তি বিপজ্জনক রাসায়নিক নিয়ে আসা স্বাভাবিক নয়। সাধারণত বড় লাইনার জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ফিডার জাহাজে এসব পণ্য বাংলাদেশে আসে। কারণ এসব পণ্য দেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয়। তা ছাড়াতে সরকারি কঠোর কড়াকড়ি আছে।
শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ গন্তব্য দেখিয়ে অন্য কোথাও পণ্য সরানোর ছক ছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যায় না।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৯৭ মিটার দীর্ঘ এমভি স্টার লাইনের (আইএমও: ৮৩৫৬৯৬২) গড় গতি ঘণ্টায় ৭ থেকে ১০ নট। এই গতিতে বেলাওয়ানে পৌঁছাতে সর্বোচ্চ আড়াই সপ্তাহ লাগার কথা। কিন্তু মেরিটাইম অপটিমার রেকর্ডে দেখা গেছে, জাহাজটি মাঝপথে সিঙ্গাপুর ইস্টার্ন ওপিএল (আউটার পোর্ট লিমিটস) এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেছে। আন্তর্জাতিক জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও ঝুঁকি বিশ্লেষক সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ‘ডার্ক ফ্লিট’ বা ছায়া জাহাজগুলো নজরদারি এড়াতে অনেক জাহাজ এআইএস বন্ধ রেখে গভীর সাগরে পণ্য অদলবদল করে। সেই সময়ে এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী (টিএনআই এএল), কম্পাস, কুম্পারান ও ইন্দোনেশিয়া ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর ১৫টিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে মিলেছে লাখো অনিবন্ধিত খালি ৪জি সিম কার্ড।
তবে বাকি কনটেইনারগুলোতে কী আছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সেগুলোর ওপর সেখানকার কাস্টমস ও ফরেনসিক পরীক্ষা চলছে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস ও মালয়েশিয়ার দৈনিক কোসমো জানিয়েছে, চীন থেকে আসার পথে জ্বালানি (বাংকারিং) নেওয়ার কথা বলে নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে অনির্ধারিত যাত্রাবিরতি করে জাহাজটি। নৌবাহিনীর নজরদারিতে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ৭ নভেম্বর টহল জাহাজ রেডিও চ্যানেলে যোগাযোগ করলেও এমভি স্টার লাইন জাহাজ সাড়া দেয়নি। পরে নৌসদস্যরা জাহাজে উঠে তল্লাশি চালালে এই রাসায়নিক ধরা পড়ে। এতে জাহাজের বেশ কিছু নিবন্ধন নথি মেয়াদোত্তীর্ণ ও স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া যায় এবং জাহাজটি জব্দ করা হয়। আটকের পর থেকে এমভি স্টার লাইন বেলাওয়ানে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন (নাখোদা), নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেশটির নৌবাহিনী বা গণমাধ্যম এখনো আনুষ্ঠানিকভাবে ক্রুদের মোট সংখ্যা কিংবা তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি। সাধারণত ৫ হাজার টন ধারণক্ষমতার এই শ্রেণির জেনারেল কার্গো জাহাজে ১২ থেকে ১৮ জন নাবিক থাকেন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব, অভিবাসন বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তে শুল্ক ফাঁকি, স্থগিত নথিতে জাহাজ চালানো ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে। একই সঙ্গে নাবিক ও মালিকপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখি করা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন