প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় সার ডিলার নিয়োগে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অথচ অর্থের বিনিময়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা আরও দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের পেছনে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন