প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম, যিনি তৌহিদ ডাকাত নামে পরিচিত, তাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চকরিয়া থানা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর পূর্ব বড় ভেওলার ঈদমনি উত্তরপাড়া ও ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি তিনি।
গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। অপরাধলব্ধ অর্থে চকরিয়ার কাকারা ও বান্দরবানের লামার ফাইতং এলাকায় বাড়িসহ সম্পদ গড়ে তোলার তথ্যও মিলেছে। তার সহযোগী ও অবৈধ সম্পদের উৎস শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে থানার ওসি ছাড়াও পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী ও অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হকসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন