প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, "আমরা মনে করি, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট না, আইজিপির তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই।" তিনি আইজিপির অপসারণের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগ করা উচিত।
এনসিপির ঢাকা বিভাগের (উত্তর) সমন্বয় সভা শেষে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সভায় সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নাহিদ ইসলাম বলেন, "আমার পাশে সিফাতের মা বসে আছেন। ওনার সন্তানের মুক্তির জন্য উনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।" তিনি উল্লেখ করেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে সিফাতকে গ্রেফতার করা হয়। নাহিদ ইসলাম বলেন, "সে সময় অনেকের ভূতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য না। কিন্তু তাকে তো আপনি এ কারণে গ্রেফতার করতে পারেন না।" তিনি আরও বলেন, সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে, যা শেখ হাসিনার বিরোধী দল দমনের একটি উদাহরণ।
মতপ্রকাশের কারণে গ্রেফতার হওয়া সকলের মুক্তি দাবি করে নাহিদ ইসলাম বলেন, "আমরা গাজীপুরে এই সভা থেকে পরিষ্কার ভাষায় সিফাতের মুক্তির দাবি করতেছি।" তিনি অবিলম্বে সিফাতের মুক্তির দাবি জানান এবং গাজীপুর-শ্রীপুরে এনসিপির সদস্য সজনের মুক্তিও দাবি করেন, যিনি ফেসবুকে সমালোচনা করার জন্য গ্রেফতার হয়েছেন।
গাজীপুরের শ্রমিক বিক্ষোভ নিয়ে নাহিদ ইসলাম বলেন, "গাজীপুর শ্রমিক এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আজকেও এখানে বিক্ষোভ হয়েছে মজুরি বাড়ানোর দাবিতে।" তিনি শ্রমিকদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, "সবার সঙ্গে আলোচনা করে, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তাদের বেতন বাড়ানোর দাবি জানাচ্ছি।"
সমন্বয় সভায় এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন