প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তাইওয়ানের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী তাইপের মেয়র পদে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে চীনবিরোধী অবস্থান নিয়ে পরিচিত আইনপ্রণেতা পুমা শেন নির্বাচনে অংশগ্রহণ করছেন। চীন তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছে। বেইজিং এমনকি তাঁর বিরুদ্ধে পুলিশের গ্রেফতারি পরোয়ানা থাকার দাবি করেছে।
আগামী শনিবার (২৮ নভেম্বর) তাইওয়ানে মেয়র ও কাউন্টি প্রধান নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও নির্বাচনটি সরাসরি চীন ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়, তথাপি তাইপের মেয়র পদে পুমা শেনের প্রার্থিতার কারণে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, তবে দ্বীপটির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বেইজিং অভিযোগ করে, ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন চীনের হুমকিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
২০২৪ সালের অক্টোবরে চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় শেনকে ‘একগুঁয়ে তাইওয়ান স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে তালিকাভুক্ত করে। তাঁর সহপ্রতিষ্ঠিত বেসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ সংস্থা কুমা একাডেমির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। এই সংস্থাটি সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ প্রদান করে।
এছাড়া, গত অক্টোবরে শেনের বাড়ির বাইরে রাখা একটি স্কুটারে নজরদারির যন্ত্র বসানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাইপের প্রসিকিউটররা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হংকংয়ের দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শেনের বিরুদ্ধে নির্বাচনে ‘চীনবিরোধী কার্ড’ ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করার অভিযোগ তুলেছে। গত মাসে চীন তাঁর বাবার চীনে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে শেন তাঁর নির্বাচনী প্রচারে চীন ইস্যুকে প্রধান গুরুত্ব দিচ্ছেন না। বরং তিনি নগর উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
তাইওয়ানের চীনবিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান চিউ চুই-চেং রয়টার্সকে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে তাইওয়ানের নির্বাচনের ফলাফলের সঙ্গে তাদের নীতিকে যুক্ত করে রেখেছে। ফলে নির্বাচনের আগে হস্তক্ষেপের চেষ্টা অনিবার্য হয়ে উঠেছে।
তার মতে, এ ধরনের হস্তক্ষেপ উল্টো ফল বয়ে আনবে এবং তাইওয়ানের মানুষের মধ্যে চীনা সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়াবে।
এদিকে, শেনের প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন। তিনি চীনের সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে থাকা প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী।
চিয়াংয়ের প্রচারেও চীন ইস্যু তেমন গুরুত্ব পাচ্ছে না। বরং তিনি পানির নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর মেয়র থাকাকালে এনভিডিয়া তাইপেতে নতুন সদর দফতর নির্মাণের চুক্তি করেছে বলেও প্রচারে তুলে ধরা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন