প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ার পর তিনটি রিং বসাতে হয়েছে। মৃত্যুভয় এবং দুশ্চিন্তায় ক্রমাগত আত্মবিশ্বাস হারাতে শুরু করেছিলেন শিক্ষক মো. কাজিম উদ্দিন। সেই কঠিন মুহূর্তে চিকিৎসকের পরামর্শে তিনি বাগান করা শুরু করেন। বাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ লাগানোর মাধ্যমে শুরু হওয়া তাঁর উদ্যোগ এখন পাঁচ একরের বিশাল ফলবাগানে পরিণত হয়েছে। সেখানে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাতের আড়াই থেকে তিন হাজার গাছ রয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি অবস্থিত। স্থানীয়ভাবে এটি ‘মাস্টারবাড়ি’ নামে পরিচিত। বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম তাঁর বাগানের নাম রেখেছেন ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।
২০১৯ সালের ২৭ ডিসেম্বর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন ৫৩ বছর বয়সী কাজিম উদ্দিন। পরীক্ষায় তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত হয়। এর মধ্যে তিনটিতে স্টেন্ট বসাতে হয়। এরপর থেকেই সব সময় মনে হতো, যেকোনো মুহূর্তে জীবনের ইতি ঘটতে পারে। মানসিকভাবে ভেঙে পড়া এই শিক্ষককে বাগান করার পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া।
কাজিম উদ্দিন জানান, চিকিৎসক তাঁকে সহনীয় পর্যায়ে বাগানের কাজ করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে প্রথমে বাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ লাগান। গাছের পরিচর্যায় ধীরে ধীরে তাঁর মন ভালো হতে থাকে এবং আত্মবিশ্বাস ফিরে আসে। পরে তিনি দুই বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করেন। ২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন ভিয়েতনামের বারোমাসি মাল্টার।
শুধু মাল্টা চাষেই থেমে থাকেননি কাজিম। নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ধীরে ধীরে বৈচিত্র্যময় ফলের সংগ্রহশালা গড়ে তুলেছেন। বর্তমানে প্রায় তিন একর জমিতে মাল্টা, এক একরে কলম্বো ও বীজহীন লেবু এবং ১৫ শতকে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল চাষ করছেন। বাকি জমিতে রয়েছে নানা প্রজাতির ফলগাছ।
বাগানে ঘুরে দেখা যায়, থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, অ্যাভোকাডো, রুবি লংগান, মিষ্টি তেঁতুল ও সৌদির খেজুর। রয়েছে মিসরীয় ও পাকিস্তানি আনারস এবং ফিলিপাইনের লাল-কালো আখও। আমের মধ্যে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি ও হাঁড়িভাঙাসহ ২০টির বেশি জাত রয়েছে। আঙুরের সংগ্রহে আছে ৩০টিরও বেশি জাত।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব গাছের চারা সংগ্রহ করেছেন তিনি। কিছু গাছ তিনি নিজে গিয়ে কিনেছেন, আবার কিছু কুরিয়ারে এসেছে। নতুন জাতের পাশাপাশি হারিয়ে যেতে বসা ফলের জাত সংরক্ষণেও তাঁর আগ্রহ রয়েছে। বাগানে রয়েছে ‘তানপুরা’ বা ‘দশবেল’ নামে পরিচিত দুর্লভ ফলের দুটি গাছ, যাতে ইতিমধ্যে ফলও ধরেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন