প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় এবং আবারও পালানোর পরিকল্পনা করায় ক্ষুব্ধ হয়ে তার ১৭ বছর বয়সী মেয়ে রায়কা আক্তার রিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বাবা আবু বক্কর।
শনিবার রাতে অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, শুক্রবার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের নানাবাড়ির পুকুরঘাটে রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার আদালতে হাজির করা হলে তিনি নিজের বক্তব্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আবু বক্কর বলেন, প্রায় এক বছর আগে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামের এক যুবকের সঙ্গে তার মেয়ে রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পালিয়ে যায়। কিন্তু এক মাস পর পরিবারের সদস্যরা রিয়াকে ফিরিয়ে আনেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পালিয়ে থাকা অবস্থায় তাদের বিয়ে হয়নি।
পরে মেয়েকে প্রেমিকের কাছ থেকে দূরে রাখার জন্য তিন থেকে চার মাসের জন্য বিয়ানীবাজার উপজেলার ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়। কিন্তু সেখানে থেকেও রিয়া কৌশলে শাহিনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন। সম্প্রতি আবু বক্কর জানতে পারেন যে, রিয়া আবারও প্রেমিকের সঙ্গে পালানোর প্রস্তুতি নিচ্ছে; তখন তিনি ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে শুক্রবার নানাবাড়ির পুকুরঘাটে আবু বক্কর দা দিয়ে কুপিয়ে মেয়েকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
পুলিশ জানায়, এ ঘটনার পর নিহত রিয়ার মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন