প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এই চুক্তির মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের তরুণেরা আরও বেশি সংখ্যক এআই টুল ব্যবহার করতে সক্ষম হবে।
গত ১২ নভেম্বর, রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস উপস্থিত ছিলেন।
চুক্তির শর্তাবলী অনুযায়ী, ডিজিটএক্স রাইজের এআইভিত্তিক সেবাগুলোকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি, আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নতুন টুল তৈরি এবং সেবাগুলোকে ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী করতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স।
এই চুক্তির মাধ্যমে রাইজ তাদের বর্তমান এআই টুলগুলো উন্নত করার পাশাপাশি বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করবে। তরুণেরা পড়াশোনা, সৃজনশীল কাজ ও তথ্য খোঁজার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছেন। দৈনন্দিন এসব কাজে এআই প্রযুক্তিকে কীভাবে আরও সহজ ও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটি নিয়েও প্রতিষ্ঠান দুটি কাজ করবে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এ প্রসঙ্গে বলেন, “এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।”
ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, “রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।”
এ চুক্তি রাইজকে একটি পূর্ণাঙ্গ এআইভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। ডিজিটএক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন কাজের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার চালু এবং তরুণদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করছে রাইজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন