প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। মূল ধর্মীয় অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।
উৎসবের অংশ হিসেবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন। ভারত ও নেপালসহ অন্যান্য স্থান থেকে ভক্তদের সমাগম ঘটছে।
বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। এর পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রা ও অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আশ্রম কমিটির নেতাদের মধ্যে নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, নির্বাহী সহসভাপতি শংকর দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক ভক্ত স্বর্ণকার ও কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান রতন লাল করসহ অন্যান্য কর্মকর্তাগণ, ভক্ত ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে আশ্রম-সংলগ্ন মাঠে মাসব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সমাগম ঘটছে।
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (২৫ নভেম্বর) থেকে ১২ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) পর্যন্ত পাঁচ দিনব্যাপী মূল অনুষ্ঠান চলবে। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসবি ও ডিবি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে এবং পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় এনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন