প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে পড়া সাগরে টিকতে না পারায় শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয় নিয়েছে। মাছ আহরণে দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেলেদের ফিরে আসতে হয়েছে।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করা বাগেরহাটের কচুয়া উপজেলার বগা এলাকার একটি ফিশিং ট্রলারের মাঝি নজরুল ইসলাম শুক্রবার বিকালে মোবাইল ফোনে জানিয়েছেন, সাগরে গত দুইদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবল বেগে ঝড়ো বাতাস এবং বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হয়ে উঠায় ফিশিং ট্রলারগুলি সাগরে টিকতে না পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেক ফিশিং ট্রলার সুন্দরবনের দুবলা, মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী, কচিখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি ঘাট, শরণখোলা, রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে আশ্রয় নিয়ে আছে। মাছ আহরণে দীর্ঘ ৫৮দিনের অবরোধ শেষে এসব ফিশিং ট্রলার বহর সাগরে মাছ ধরতে গিয়েই দুর্যোগের কবলে পড়েছে।
বাগেরহাটের মৎস্য বন্দর রাজৈর মৎস্য ঘাটের আড়তদার কবির হোসেন জানান, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় এখানে অর্ধশত ফিশিং ট্রলার দুই দিন ধরে এই মৎস্য ঘাটে নিরাপদে নোঙর করে আছে। বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ছে। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিং ট্রলার উপকূলের দিকে ছুটে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন