প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগরের চাষীরা বর্তমানে বাণিজ্যিকভাবে “দার্জিলিং” ও “চায়না” জাতের কমলা চাষ শুরু করেছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন কমলা বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাইকাররা সরাসরি বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।
শীতের আগমনের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল বাগানগুলো এখন এক অপরূপ সাজে সজ্জিত। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় রসালো কমলা।
এক সময় যে ফলটিকে কেবল সিলেট, মৌলভীবাজার কিংবা বিদেশি আমদানির ওপর নির্ভরশীল ভাবা হতো, সেই কমলাই এখন বিজয়নগরের মাটিতে ব্যাপক আকারে ফলছে। রসে ভরপুর এবং মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মৌসুমী ফলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ।
গত কয়েক বছর ধরে বানিজ্যিকভাবে কমলা চাষ শুরু হয়েছে। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন কমলা বাগানের সংখ্যা বাড়ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভ্রমণপিয়াসুরা আসেন কমলা বাগান দেখতে। তারা বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সফল কমলা চাষী মোঃ খোকন মিয়া বলেন, "আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করতাম। ২০১৪ সালে দেশে ফিরে আসি। তারপর ২০২১ সালে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি। প্রথম দিকে কমলার চারা রোপণ করতে দেখে প্রতিবেশীরা অনেকেই হাসাহাসি করেছিল, ঠাট্টা-মজা করতো।" তিনি বলেন, "কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাগানে জৈব সার ব্যবহার আর সঠিক পরিচর্যা করার তৃতীয় বছর থেকেই গাছে কমলা ধরতে শুরু করে।" তিনি আরও জানান, "বর্তমানে বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। আমার উৎপাদিত কমলা বাগান পাইকাররা অগ্রিম টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। আশা করি এবার কমলা বিক্রি করে ৪ লাখ টাকা লাভ হবে।"
এদিকে প্রতিদিনই শহর ও দূর-দূরান্ত থেকে ভ্রমণপিয়াসুরা দল বেঁধে কমলার বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসছেন। অনেকে বাগান ঘুরে নিজ হাতে তাজা কমলা পেড়ে কিনে নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগরের খোকন মিয়ার কমলা বাগানে ঘুরতে যাওয়া সামিয়া জামান সুমি বলেন, "ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা চাষ হয়। বাগানে এসে গাছ ভর্তি থোকায় থোকায় কমলা দেখে মন ভরে গেল।"
আরেক দর্শনার্থী শামীম বলেন, "বিজয়নগর এলাকাটার সুন্দর পরিবেশ মন ভাল করে দেয়ার মত। কমলা বাগানে এসে খুব ভাল লেগেছে। বাড়ির সবার জন্য কমলা কিনে নিয়ে যাচ্ছি।"
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, "বিজয়নগরের লাল মাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন, মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন