প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের গঙ্গাচড়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে নাদিম মাহমুদ নাতিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গঙ্গাচড়া-রংপুর সড়কের নবনীদাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুপুরের আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে নবনীদাস পুলিশ বক্সের নিকট সংঘর্ষটি ঘটে। এতে নাদিম মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বুড়িরহাট হয়ে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অবস্থিত তাঁদের মালিকানাধীন লাইভ বেকারিতে যাচ্ছিলেন। সেখানে তাঁর চাচা ছালেক মিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হন। পথে গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে নাদিমের চাচা ছালেক মিয়া ও অন্যান্য স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ও মোটরসাইকেলটি শনাক্ত করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তাঁর চাচার হেফাজতে রয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন