প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি পরিবারকে গত কয়েক দিন ধরে তাদের নিজস্ব বাড়ির ভেতরে আটকে রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে নাবলুসের কাছে কুসরা গ্রামে।
পরিবার দুটির সদস্যরা জানাচ্ছেন, বসতি স্থাপনকারীরা তাদের বাড়ির বাইরের গেটে প্রবেশের পথ অবরুদ্ধ করে রেখেছে। তারা তাদের পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে। খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র তাদের বাড়িতে প্রায় শেষ হয়ে এসেছে। অধিকার কর্মীরা বলছেন, পরিবার দুটিকে দ্রুত নিরাপত্তা দেওয়া প্রয়োজন এবং তাদের বাড়ির আশপাশ থেকে বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ফিলিস্তিনিদের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, রবিবার সন্ধ্যায় বসতি স্থাপনকারীরা আবু রিদি পরিবারের বাড়ির সামনে থাকা একটি দেয়াল ধ্বংস করছে। পরে ওই ধ্বংস হওয়া দেয়ালের পাথর ব্যবহার করে বাড়ির সামনে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ওই পরিবারের দুই শিশুসহ সাতজন বাড়ি থেকে বের হতে পারছে না। অন্যান্য ফিলিস্তিনিরাও তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
পরিবার দুটি পশ্চিম তীরের ‘বি’ এলাকায় বসবাস করছে। এই এলাকায় বেসামরিক প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকলেও নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। আবু রিদি পরিবারের সদস্য কুসাই আবু রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, তাদের অবস্থার অবনতির জন্য তারা খুবই উদ্বিগ্ন। বিশেষ করে যখন তারা পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি বলেন, তারা নিজস্ব বাড়ি এবং নিজেদের জমিতে বসবাস করতেই চাইছেন।
নিরাপদে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য তারা আর কিছু চান না। অন্যদিকে, অন্য পরিবারটির সদস্য আয়েশা হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বসতি স্থাপনকারীরা তাদের বাড়ির ফটক ভাঙার চেষ্টা করেছিল। তারা পরিবারের সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে এবং গালাগাল ও অপমানজনক কথা বলে। আয়েশা জানান, তার পরিবার ভয়ে রয়েছে এবং তারা অত্যন্ত আতঙ্কিত।
পরিবারগুলোর পক্ষ থেকে প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে সেনারা গেলে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিলিস্তিনি বাড়ির মালিকদের অভিযোগ, প্রথমে ঘটনাস্থলে যাওয়া কয়েকজন ইসরায়েলি সেনাকে বসতি স্থাপনকারীদের সঙ্গে নামাজ পড়তে দেখা গেছে। সোমবার ইসরায়েলের বামপন্থী সংবাদপত্র হারেৎসের সাংবাদিকরা ওই ফিলিস্তিনি পরিবারের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বসতি স্থাপনকারীরা তাদের বাধা দেয়। সাংবাদিকরা দাবী করেন, তাদের গাড়ি প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। ঘটনাস্থলে থাকা ইসরায়েলি সেনাদের সহায়তা চাইলে তারা তা করেননি। সাংবাদিকদের বলা হয়, এলাকাটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি বন্ধ এলাকা। তবে বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর পর ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েশ দিন জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধানের কাছে আবেদন করে। সংগঠনের দাবি, অবরুদ্ধ ফিলিস্তিনি পরিবারগুলোকে নিরাপত্তা দেওয়া, বসতি স্থাপনকারীদের অবৈধ ঘাঁটি সরিয়ে দেওয়া এবং সেখানে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার রাতে অবশেষে একটি ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স পরিবার দুটির কাছে পৌঁছাতে সক্ষম হয়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের জন্য খাবার আনা হয় এবং একটি শিশুকে চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও নতুন করে গড়ে ওঠা বসতি স্থাপনকারীদের ওই ঘাঁটির সমালোচনা করেছে। বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে সেগুলো দখল করা ‘অবৈধ, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানা গেছে। এরপর ফিলিস্তিনিদের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিও প্রকাশ হয়। এই ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনা এবং সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে একটি দল বসতি স্থাপনকারীর সংঘর্ষ হচ্ছে। ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাস এবং শব্দবোমা ব্যবহার করতে দেখে যায়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, বসতি স্থাপনকারীরা যে ছাউনিতে অবস্থান করছিলেন, ইসরায়েলি বাহিনী সেটি সরিয়ে নিয়ে যাচ্ছে। তবে তাদের অন্য কিছু সামগ্রী সেখানে রেখে দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমান্তরক্ষী পুলিশ ছাউনিটিকে সরিয়ে দিয়েছে এবং সেখানে থাকা বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। বাহিনীটি আরো জানায়, গত কয়েকদিন আগে ঘটনাস্থলে থাকা কয়েকজন নিরাপত্তাকর্মী যে ভিডিওতে ধরা পড়েছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুসরা গ্রামের মেয়র আবদেল আজিম ওয়াদি বিবিসিকে বলেছেন, স্থানীয় বাসিন্দারা গত কিছুদিন ধরে গ্রামটিকে লক্ষ্য করে ধারাবাহিক এবং স্পষ্ট হামলার ঘটনা লক্ষ্য করছেন। তিনি জানান, গত মাসে গ্রামে নতুন নির্মিত একটি মসজিদে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। কাছের একটি দেয়ালে হিব্রু ভাষায় লেখাও দেখা যায়।
আগের ঘটনাগুলির সঙ্গে সংযুক্ত অবস্থায়, পাশের তাল এলাকায় একটি হামলার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, স্থানীয় কর্মকর্তারা জানান। ওই ঘটনায় ছয়জন নিহত হন, তাঁদের মধ্যে চারজন ফিলিস্তিনি এবং দুইজন ইসরায়েলি সেনা ছিলেন। নিহত দুই ইসরায়েলি সেনার একজনের দায়িত্ব ছিল কাছের একটি ইসরায়েলি বসতির নিরাপত্তা সমন্বয়ক হিসেবে। জুলাই মাসে কুসরার কাছের জালুদ গ্রামে বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়ি দুই সপ্তাহের বেশি সময় ধরে ঘিরে রাখে বলে অভিযোগ রয়েছে। পরে বাড়ির মালিকরা সেখান থেকে চলে যেতে বাধ্য হন। বসতি স্থাপনকারীরা বাড়িটি দখল করে নেয় এবং এখনো সেখানেই অবস্থান করছে বলে জানা গেছে।
কুসরার এই ঘটনা ঘটে যখন পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উপসমন্বয়ক রামিজ আলাকবারভ মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছিলেন, পশ্চিম তীর ‘ভেঙে পড়ার পর্যায়ে’ পৌঁছেছে। তিনি উল্লেখ করেছেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে নাবলুস প্রদেশ বিশেষভাবে সহিংসতার শিকার হয়েছে বলেও তিনি জানান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ১৮টি শিশু রয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ এবং পশ্চিম তীরে এক ফিলিস্তিনির চালানো কথিত গাড়ি হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে পশ্চিম তীরের ১২৭টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৪৭টি সম্প্রদায়ের সব বাসিন্দাকেই এলাকা ছাড়তে হয়েছে, ফলে ৬ হাজার ৩৯০ জনের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘের হিসাব মতে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকই শিশু। বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ভেঙে দেওয়া এবং উচ্ছেদের কারণে এসব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানানো হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ইসরায়েলি বসতিগুলো শান্তি প্রতিষ্ঠার পথে বাধা—এমন ধারণা প্রত্যাখ্যান করে দাবি করেছেন, এসব বসতি থাকবে এবং আরো সম্প্রসারিত হবে। তিনি উল্লেখ করেছেন, ওই ভূমির ওপর ইসরায়েলের বাইবেলভিত্তিক, ঐতিহাসিক এবং আইনগত অধিকার রয়েছে। ড্যানন নিরাপত্তা পরিষদকে বলেছিলেন, তাদের একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা উচিত- ইসরায়েল কোথাও চলে যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন