প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই। আগে এই নদীতে মাছ পড়তো। এখন শুধু আমরা খেওয়া (খেয়া নৌকা) চালাইয়ে বেঁচে আছি। নদীর বাঁচানোর জন্যি এইখানে আইছি। আমরা নদীতে ভালো পানি চাই, বেশি বেশি মাছ চাই।"
এভাবে নিজের দাবির কথা বলছিলেন খুলনার ভৈরব-রূপসা নদীর সংযোগ জেলখানা ঘাটের নৌকার মাঝি পারভেজ হাওলাদার (২৮)। জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি কলসী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি।
রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা এই মাঝি আরো বলেন, "আমাদের জীবন-জীবিকা সব নদীতেই। তাই নদী রক্ষা আন্দোলন করতিছি, যাতে কাজ কইরে বাঁচতি পারি।"
জলবায়ু সংকটের প্রতিবাদ জানিয়ে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনা শহরের ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে ব্যতিক্রমী এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) খুলনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। পারভেজ ছাড়াও কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অর্ধ শতাধিক মানুষ।
কর্মসূচি চলাকালে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, "বৈশ্বিক উষ্ণতা; অব্যাহত কার্বন নিঃসরণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি; নদীর নাব্যতা হ্রাস; নদীর গতিপথ পরিবর্তন এবং লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে বিপন্ন করছে।"
বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরো বলেন, "জলবায়ূ পরিবর্তন হোক আর বৈশ্বিক উষ্ণায়ন হোক- কোন সংকটের পেছনেই বাংলাদেশ তথা উপকূলের মানুষ দায়ী নয়। অথচ প্রতিনিয়ত এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি দুর্যোগের শিকার হচ্ছে। তাই জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং তা ভুক্তভোগী দেশগুলোকে দিতে হবে।"
তারা বলেন, "আর এটি কোনো দান, ঋণ বা অনুদান নয়। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত ও ক্ষতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনার কর্মসূচিতে সংহতি জানান নারী নেতা সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের কর্মসূচি ব্যবস্থাপক বিপ্লব কুণ্ডু, প্রকল্প সমন্বয়ক শারমিন আক্তার লিনা, ক্রয় ও প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন প্রমুখ।
কর্মসূচি চলাকালে নৌকার ওপর খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, নদীর নাব্যতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নদী বাংলাদেশের জীবন, জীবিকা, অর্থনীতি ও পরিবেশের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা, পলি জমা এবং মানবসৃষ্ট অন্যান্য কারণে অনেক নদী নাব্যতা হারাচ্ছে। এতে নৌচলাচল, কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ছে।
তাহলে মানববন্ধনে নৌকাটিকে নদীনির্ভর জীবন, জীবিকা, পরিবেশ ও উপকূলীয় মানুষের অস্তিত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। আর খালি কলসিগুলো উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক। উপকূলে সর্বত্র পানি থাকলেও পানযোগ্য পানির নিত্য সংকট। তাই নদীতে এসেও পানি মিলছে না- এমন ধারণা থেকে খালি কলসি ব্যবহার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন